৩,২০০ মোবাইল পেট্রোল পাম্প এই বছরেই, পুণের স্টার্টআপের পাশে রতন টাটা
দ্য ওয়াল ব্যুরো: দেশে চলতি অর্থবর্ষেই চালু হবে তিন হাজার মোবাইল পেট্রোল পাম্প। এমনই উদ্যোগ নিয়েছে পুণের স্টার্টআপ সংস্থা রেপোস এনার্জি। আর সেই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি তথা টাটা গ্রুপের এমিরেটস চেয়ারম্যান রতন টাটা। ওই সংস্থার দাবি,
শেষ আপডেট: 24 May 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: দেশে চলতি অর্থবর্ষেই চালু হবে তিন হাজার মোবাইল পেট্রোল পাম্প। এমনই উদ্যোগ নিয়েছে পুণের স্টার্টআপ সংস্থা রেপোস এনার্জি। আর সেই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি তথা টাটা গ্রুপের এমিরেটস চেয়ারম্যান রতন টাটা। ওই সংস্থার দাবি, ভারতে অনেক পেট্রোল পাম্প দরকার। চাহিদা থাকলেও সেটা তৈরি হচ্ছে না পর্যাপ্ত জমির অভাবে। সেই কারণেই এমন মোবাইল পেট্রোল পাম্পের ভাবনা। এই উদ্যোগ খুবই জনপ্রিয় হবে বলেও আশা রেপোস এনার্জির।
সংস্থার কো-ফাউন্ডার চেতন ওয়ালুনজ এক বিবৃতিতে জানিয়েছেন, "এই মুহূর্তে ভারতে যে চাহিদা রয়েছে তাতে এক লাখের বেশি নতুন পেট্রোল পাম্প দরকার। কিন্তু সেটা সম্ভব নয় প্রয়োজনীয় জমির অভাবে। এর জন্য প্রচুর বিনিয়োগও দরকার। এখন ভারতে ৫৫ হাজারের মতো পেট্রোল পাম্প রয়েছে। যা মোটেও যথেষ্ট নয়।" সংস্থার পরিকল্পনা গ্রাহকের প্রয়োজন মতো মোবাইল পাম্প পৌঁছে যাবে। এর জন্য একটি মোবাইল অ্যাপও আনা হবে। গোটা বিষয়টাতেই টাটা মোটর্স রেপোস এনার্জির সঙ্গে থাকবে।
আরও পড়ুন
সংস্থার পক্ষে জানানো হয়েছে, এই মোবাইল পেট্রোল পাম্প জিপিএস-এর মাধ্যমে দেখে নেবে কোথায় গ্রাহক রয়েছেন। একই সঙ্গে গ্রাহকরাও জানতে পারবেন কোথায় রয়েছে পাম্প। সংস্থা আরও জানিয়েছে, ইতিমধ্যেই ৩২০টি গাড়ি তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে ১০০টি দেশের বিভিন্ন প্রান্তে কাজও করছে। তবে লক্ষ্য, চলতি আর্থিক বছরের মধ্যেই এই সংখ্যাটা ৩,২০০ করা।