
শেষ আপডেট: 18 June 2022 07:08
দ্য ওয়াল ব্যুরো: ১০ বছরের বাচ্চা মেয়ে, তার স্তনের আকার হঠাৎ বাড়তে শুরু করেছিল হু হু করে! শারীরিক গঠন এতটাই অস্বাভাবিক হয়ে গিয়েছিল যে দেখে মনে হচ্ছিল মেয়েটির বয়স হয়তো ৪০ পেরিয়ে গেছে। অতি বিরল রোগে আক্রান্ত সেই নাবালিকাকে অস্ত্রোপচারের (Rare Operation) মাধ্যমে সুস্থ করে তুললেন চিকিৎসকরা।
কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College Hospital) ওই নাবালিকার অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালের ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকের চিকিৎসকরা জানিয়েছেন, একটা নির্দিষ্ট বয়সের পর কিছু কিছু মেয়ের স্তনের আকার আচমকা বাড়তে শুরু করে। সেই রোগের নাম ‘জাইগান্টোমাস্টিয়া’। কিন্তু তা ১৮ ঊর্ধ্ব ঋতুমতী মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে। ১০ বছরের নাবালিকার দেহের এমন অস্বাভাবিকত্ব বেশ বিরল, সাধারণত দেখা যায় না।
বছর খানেক ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছিল ওই নাবালিকা। ২০২১ সাল থেকে তার স্তনের প্রস্ফুটন শুরু হয়। তখনও তার পিরিয়ড শুরু হয়নি। মেয়েটির স্তনের আকার এমন বেড়ে যাচ্ছিল যে স্কুলে বন্ধুবান্ধবদের মাঝে তাকে সমস্যায় পড়তে হচ্ছিল। রাস্তাঘাটেও অস্বস্তিতে পড়ছিলেন মেয়েটির অভিভাবকরা। মেয়েটির পিঠে মাঝেমধ্যেই মারাত্মক যন্ত্রণাও হত।
কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা মেয়েটির চিকিৎসা করতে গিয়ে জানতে পারেন তাঁর বাঁ দিকের স্তনে একটি টিউমার রয়েছে। অপারেশন করে সেটি বাদ দেওয়া হয়। তারপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছে ওই নাবালিকা।
আরও পড়ুন: অলআউট খেয়ে হাসপাতালে আড়াই বছরের শিশুকন্যা, দুধ ভেবে ভুল করেছিল বাচ্চাটা