
শেষ আপডেট: 23 March 2023 14:43
দ্য ওয়াল ব্যুরো: বন্ধু ছাড়া জীবনের মানে খুঁজে পাওয়া কঠিন। সেই বন্ধুত্ব (friendship) সবসময় যে সমানে সমানে হয় তাও নয়। অসম বয়স থেকে অসম সামাজিক অবস্থান, নানারকম ভিন্নতা সত্ত্বেও বন্ধুত্বের বাঁধন আলগা হয় না। তবে সেসবই মানুষের সঙ্গে মানুষের বন্ধুতা। এবার সামনে এল এক বিরল (rare) বন্ধুত্বের আখ্যান। এক সারসের (crane) সঙ্গে অভিনব বন্ধুত্বে জড়িয়ে পরলেন এক যুবক।
উত্তরপ্রদেশের আমেঠির বাসিন্দা মহম্মদ আরিফ প্রিয় বন্ধু হিসেবে বেছে নিয়েছেন তাঁর পোষ্য সারসটিকেই। কিন্তু কুকুর বেড়াল তো নয়ই, পোষ্য হিসেবে একেবারে একটি সারসকে বেছে নিলেন আরিফ! এই সারসটিকে কোথায় পেলেন তিনি?
জানা গেছে, একটি আহত সারসকে কয়েক বছর আগে উদ্ধার করেছিলেন তিনি। তার ভাঙা পা সারিয়েও তুলেছিলেন আরিফ। আশ্চর্যজনক ভাবেই আরিফের প্রতি কৃতজ্ঞতায় পোষ মেনেছিল বিরাট চেহারার এই পাখিটি। বন্ধুর সঙ্গে একই থালা থেকে খাবার খেত আরিফের না-মানুষ বন্ধু। বাইকে চড়ে মাঝেমধ্যে ঘুরতেও বেরোত দু'জনে।
তবে, বন্য পাখিকে বাড়িতে পোষা আইন বিরুদ্ধ। ফলে, আরিফ এবং তাঁর সারসের বন্ধুত্ব আর বেশিদিন স্থায়ী হল না। ইতিমধ্যেই বন্য পাখিটিকে বনদফতর তাদের এক্তিয়ারভুক্ত করেছে। উত্তরপ্রদেশের রাজ্য পাখি সারসকে অথবা এমন কোনও বন্য প্রাণীকেই বাড়িতে রাখা উচিত নয়, এমনটাই মত বনদফতরের এক কর্মীর।
সমপ্রেমীরা সারাজীবন কি কেবল ‘বন্ধু’ই থেকে যাবেন! বিয়ে নিয়ে সুপ্রিম রায়কে প্রশ্ন বাঙালি যুগলের