
শেষ আপডেট: 9 February 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের অভিযোগে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে।
ওই মামলায় ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে পুলিশের তদন্ত রিপোর্টের মধ্যে মিল তো দূরে থাক, রয়েছে বিস্তর ফারাক। এই অবস্থায় মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।
বিচারপতি জয় সেনগুপ্ত এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত করানোর নির্দেশ দিয়েছেন। ৬ মার্চ কেস ডাইরি আদালতে হাজির করতে হবে।
আদালত সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের শেষে হরিহরপড়ার থানা এলাকায় এক ব্যক্তি ও তার নাবালক ছেলের বিরুদ্ধে ১৩ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে নৃশংসভাবে খুনও করা হয় নাবালিকাকে। এমনকী চোখ খুবলে তুলে নেওয়া হয়। দেহের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন ছিল।
অভিযোগ, মৃত্যু নিশ্চিত করতে অ্যাসিড ঢেলে দেহ পোড়ানোর চেষ্টা হয়। আদালতে মামলাকারীর আইনজীবীর অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টে ওই প্রসঙ্গের উল্লেখ নেই।
একই সঙ্গে তিনি আদালতকে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আগে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ও পকসো ধারা যুক্ত করার আবেদনও জানান।
এরপরই দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি।