
শেষ আপডেট: 19 February 2023 06:24
দ্য ওয়াল ব্যুরো: বাংলার রঞ্জি ট্রফি (Ranji Trophy Final) জয়ের স্বপ্ন এবারও অধরা থেকে গেল। তারা নয় উইকেটে হারল সৌরাষ্ট্রের কাছে। ৩৪ বছর পরে খেতাব জয়ের আশা বৃথা হয়ে গিয়েছে।
টস যার ম্যাচ তার। এই প্রবাদ ফের মিলে গেল। রঞ্জি ফাইনালে জয়দেব উনাদকাটরা টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। সেটাই ফারাক গড়ে দিল। বাংলা প্রথম ইনিংসে ১৭৪ রানে শেষ হয়ে যাওয়াটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে।
রবিবার ছুটির দিনে লাঞ্চের আগেই ম্যাচ জিতে নিল সৌরাষ্ট্র। মাত্র ১২ রানের টার্গেট দিয়েছিলেন মনোজরা। ওই রান তুলতে এক উইকেট হারাতে হয়েছে বিপক্ষ দলকে।
জয়দেব উনাদকাট কেন বড় মঞ্চের তারকা সেটা ফের বুঝিয়ে দিলেন। শেষ বোলিং ইনিংসে তিনি ২২ ওভার হাত ঘুরিয়ে ৮৫ রান দিয়ে ছয় উইকেট পেয়ে কার্যত ম্যাচের সেরা। তিনি প্রকৃত অধিনায়কের মতো পারফরম্যান্স করেছেন।
২০১৯-২০ রঞ্জি ফাইনালেও সৌরাষ্ট্রের কাছে হারতে হয়েছিল বাংলাকে। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল বাংলার কাছে। কিন্তু বাংলার পারফরম্যান্স যেন উল্টো কথা বলল। রঞ্জি ফাইনালের প্রথম দিন থেকেই দাপট দেখিয়ে খেললেন উনাদকাটরা।
রবিবার বাংলার ইনিংসের আয়ু ছিল মাত্র ১৭.৪ ওভার। চতুর্থ দিনে মাত্র ৭২ রান যোগ করতে পারলেন মনোজরা। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে হাল ধরেছিলেন দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান, অনুষ্টুপ মজুমদার (৬১) ও মনোজ তিওয়ারি (৫৭)। কিন্তু দুই ব্যাটসম্যান আউট হওয়ার পরে আর কেউই সেই লড়াই দিতে পারেননি বাংলার হয়ে। হারের পর কান্নায় ভেঙে পড়েন অভিষেক পোড়েল। মনমরা গোটা বাংলা দলই।
জাদেজার ঘূর্ণিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে ধস! ১১৪ টার্গেট পেল ভারত