
শেষ আপডেট: 22 August 2023 14:03
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দাবা জগতে বিস্ময় কিশোর হিসেবে আবির্ভূত হয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। চেন্নাইয়ের আঠারো বছরের এই তারকা বিশ্বকাপ দাবার (Chess Worldcup) ফাইনালে পৌঁছে গিয়েছেন। ফাইনালে খেতাবী লড়াই খেলছেন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে।
সব থেকে বড় কথা, প্রজ্ঞানন্দ সবসময় আক্রমণাত্মক দাবাড়ুর বিরুদ্ধে সবসময় অলআউট যেতেই বেশি পছন্দ করে থাকেন। তাই কার্লসেন যদি আক্রমণাত্মক দাবা খেলেন, সে ক্ষেত্রে রক্ষণাত্মক কখনই খেলার চেষ্টা করবেন না ভারতীয় দাবার নয়া মহাতারকা। এটাই তাঁর কৌশল।
এর আগে প্রজ্ঞানন্দ ও ম্যাগনাসের মধ্যে মোট ১৯ বার সাক্ষাৎ হয়েছে। তার মধ্যে একবার হয়েছে ক্লাসিক্যাল দাবা, সেই ম্যাচ ড্র হয়েছে। পাশাপাশি ১৮ টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে কার্লসেন ও পাঁচটি জিতেছে প্রজ্ঞানন্দ।
সেক্ষেত্রে এবার প্রজ্ঞার কাছে জয়ের সুযোগ থাকছেই। প্রজ্ঞানন্দ নিয়ে কথা বলতে গিয়ে বাংলার নামী দাবাড়ু সূর্যশেখর গঙ্গোপাধ্যায় বলেছেন, প্রজ্ঞা এমন একজন ক্লাসিক্যাল দাবাড়ু, যে জানে খেলার কোন সময় জ্বলে ওঠে ম্যাচ বার করতে হয়। ওর সব থেকে বড় গুণ হচ্ছে খেলায় অফেন্স করতে গিয়ে বিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলে দিতে পারে।
বাংলার দাবা জগতের মহা তারকা দেশের অন্যতম প্রাক্তন গ্র্যান্ড মাস্টার (chess Grandmaster) দিব্যেন্দু বড়ুয়াও বলেছেন যে, প্রজ্ঞানন্দ মাত্র পাঁচ বছর বয়স থেকেই দাবা শুরু করেছে। খুব কম বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছে এবং গ্র্যান্ড মাস্টার হওয়ার সম্মান পেয়েছে। ওর সঙ্গে ববি ফিশার এবং বিশ্বনাথন আনন্দের নাম এত দ্রুত জড়িয়ে গিয়েছে যে ওর পক্ষে বিশ্বকাপ জয় এতটুকু অসম্ভব নয়।
আরও পড়ুন: ডুরান্ড কোয়ার্টারের সূচি প্রকাশ, ইস্টবেঙ্গল-মোহনবাগান কাদের মুখোমুখি হবে