দ্য ওয়াল ব্যুরো : রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রামমন্দিরের পক্ষে। রামলালা বিরাজমানের হয়ে দীর্ঘদিন মামলা লড়েছেন একদল আইনজীবী। আগামী ২৪ নভেম্বর শীর্ষ আদালতের রায়ের কপি রামলালাকে দিতে যাবেন তাঁরা। তাঁদের সঙ্গে থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন প্রবীণ নেতা।
গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট মন্দিরের পক্ষে রায় দেয়। যে আইনজীবীরা রামলালার পক্ষে মামলা লড়েছিলেন, তাঁদের সংবর্ধনা দেওয়া হবে অযোধ্যায়। একটি সূত্রে খবর, অযোধ্যায় প্রায় দুই ডজন আইনজীবীকে সম্মান জানানো হবে। তাঁদের অন্যতম হলেন কেশব পরাশরণ। তাঁর বয়স ৯৩। সংবর্ধিত হওয়ার পরে আইনজীবীরা হনুমানগড়ি মন্দির দর্শনে যাবেন।
অযোধ্যায় জেলাশাসক অনুজ ঝা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ২৩ নভেম্বর করসেবকপুরমে আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হবে। সেখানে শীর্ষস্থানীয় দুই ভিএইচপি নেতা চম্পত রাই ও দীনেশ চন্দ্র উপস্থিত থাকবেন। আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানের তদারক করার জন্য তিন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে।