পুত্রের গ্রেফতারি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাকেশ সিংহ। তাঁর দাবি, তাঁকে ধরতে না পেরে ছেলেকে টার্গেট করছে পুলিশ। অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী ও কন্যাকেও শিবমের বাড়িতে গিয়ে হেনস্থা করা হয়েছে।

রাকেশ সিং
শেষ আপডেট: 1 September 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার প্রদেশ কংগ্রেস দফতরে (Pradesh Congress Office) ভাঙচুরের ঘটনায় গ্রেফতার (Rakesh Sing Son Arrest) করা হয়েছিল বিজেপি নেতা রাকেশ সিংহের (Rakesh Singh) ছেলে শিবম সিংকে। এর আগে এই মামলায় রাকেশের ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত নামে তিন জনকে আটক করেছিল পুলিশ। শনিবার দুপুরে রাকেশের বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারী দল। তবে বিজেপি নেতার কোনও খোঁজ মেলেনি। কিন্তু, ছেলে গ্রেফতার হয়েছে জানতে পেরেই বিজেপি (BJP) নেতার হুঁশিয়ারি, 'ওর কিছু হলে ফল ভুগতে হবে'।
পুত্রের গ্রেফতারি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাকেশ সিংহ। তাঁর দাবি, তাঁকে ধরতে না পেরে ছেলেকে টার্গেট করছে পুলিশ। অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী ও কন্যাকেও শিবমের বাড়িতে গিয়ে হেনস্থা করা হয়েছে। সরাসরি কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাকে (Manoj Verma) চ্যালেঞ্জ ছুড়ে রাকেশ হুঁশিয়ারি দিয়েছেন, পুত্রের গ্রেফতারির বিরুদ্ধে হাইকোর্টে (Kolkata High Court) যাওয়ার পথই বেছে নেবেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রদেশ কংগ্রেস দফতরে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা। অভিযোগ, রাকেশ সিংহ নিজে এবং বিজেপি নেতা প্রতীক পান্ডেও ছিলেন সেখানে। এর আগে ফেসবুক লাইভে রাকেশ ঘোষণা করেছিলেন, ‘‘আজ যা ঘটবে, তার প্রভাব গোটা দেশে পড়বে।’’ বিধান ভবনের সামনে ঝোলানো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো হয়। পরে ভিতরে ঢুকে চলে ব্যাপক ভাঙচুর।
অভিযোগ, কংগ্রেস দফতরে সে সময়ে বিশেষ কেউ উপস্থিত ছিলেন না। সেই সুযোগেই চলে হামলা, ভাঙচুর, আগুন ধরানো। গেটের বাইরে কংগ্রেস নেতাদের ছবিতে আগুন দেওয়া হয়, পোড়ানো হয় পতাকা। ঘটনার পরই এন্টালি থানায় রাকেশ সিংহদের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়।
বিহারের দ্বারভাঙায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ও তেজস্বী যাদবদের কর্মসূচির সময় এক কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই ঘটনার রেশেই কলকাতায় কংগ্রেস সদর দফতরে হামলার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ স্থানীয় এন্টালি থানায় রাকেশ সিং ও দলবলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে এন্টালি থানার পুলিশ রাকেশ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে জামিন অযোগ্য বেআইনি অনুপ্রবেশ, খুনের চেষ্টা, কংগ্রেস কর্মীদের গুরুতরভাবে আঘাত করা, মহিলাকর্মীদের শ্লীলতাহানি, অগ্নি সংযোগ ও ভাঙচুরের পাশাপাশি অস্ত্র আইনে মামলা দায়ের করে।