দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পুলিশের নতুন কমিশনার নিযুক্ত হলেন রাকেশ আস্থানা। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের প্রাক্তন আধিকারিক ছিলেন আস্থানা। বরাবরই বিতর্কিত অফিসার হিসেবে তাঁর পরিচিতি। নরেন্দ্র মোদী আর অমিত শাহদের যথেষ্ট ঘনিষ্ঠ তিনি। ১৯৮৪ সালের গুজরাতের আইপিএস অফিসারের ব্যাচে ছিলেন তিনি।
২০১৮ সালে বিতর্কে জড়ানোর জন্য সিবিআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয় আস্থানাকে। এরপর বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান নিযুক্ত হন তিনি। সেই আস্থানাই এবার দিল্লি পুলিশের শীর্ষে এলেন।
২০১৭ সালে সিবিআই প্রধান অলোক বর্মা গোয়েন্দা সংস্থার স্পেশাল ডিরেক্টর হিসেবে আস্থানার নিয়োগের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এই দু'জনের বিরোধ অজানা নয়। প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে তাঁদের। ২০১৮ সালে অলোক বর্মাকেও সিবিআই থেকে সরতে হয়েছিল। ঘুষ নেওয়া সংক্রান্ত একটি ঘটনায় নাম জড়িয়েছিল আস্থানার। তা নিয়ে দীর্ঘ তদন্তও চলে। কিন্তু ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই মামলায় ক্লিনচিট পান আস্থানা।
বিতর্কিত এই আইপিএসকেই অমিত শাহের মন্ত্রক দিল্লি পুলিশের শীর্ষে নিযুক্ত করায় ইতিমধ্যে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে।