আজহারউদ্দিন মোল্লা আগে আইএসএফ (ISF) করতেন। গতবছর নির্বাচনের পরই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন।
_1.jpg.webp)
রাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী
শেষ আপডেট: 14 July 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে (Bhangar TMC Leader Rajjak Khan case) গ্রেফতার দলেরই এক কর্মী আজহারউদ্দিন মোল্লা। জাহান আলি খান ও রাজু মোল্লা নামের আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা মোফাজ্জেল খান। এই তিনজন তাঁরই শাগরেদ বলে খবর পুলিশ সূত্রের।
আজহারউদ্দিন মোল্লা আগে আইএসএফ (ISF) করতেন। গতবছর নির্বাচনের পরই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন। তবে বাকি দুজনের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি।
শনিবার তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য ছিলেন বলেই জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং মোবাইল ট্র্যাক করে আজহারউদ্দিন-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধৃত মোফাজ্জেলই রাজ্জাক হত্যাকাণ্ডের 'মাস্টারমাইন্ড' বলে দাবি করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড়ে খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। নির্জন এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে।
রাজ্জাক খাঁ ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ ছিলেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরেই সংগঠনের কাজ করছিলেন তিনি। তৃণমূলের অঞ্চল স্তরের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন রাজ্জাক। স্থানীয়দের দাবি ছিল, তাঁর জনপ্রিয়তা এবং রাজনৈতিক সক্রিয়তাই তাঁকে ‘টার্গেট’ বানিয়েছে। ফলে পরিকল্পিত খুন বলেই দাবি তৃণমূল কর্মীদের একাংশের।