দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় যাবজ্জীবন জেল খাটছে সাতজন। তাদের অন্যতম পেরারিভালান ওরফে অরিভুর মা সোমবার দেখা করলেন তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারীলাল পুরোহিতের সঙ্গে। ছেলের মুক্তির জন্য আর্জি জানিয়েছেন আরিভুর মা আরপুথাম্মাল । তিনি আত্মবিশ্বাসী, রাজ্যপাল দাবি মঞ্জুর করবেন। আর্জির সঙ্গে তিনি একটি নথি তুলে দিয়েছেন রাজ্যপালের হাতে। সেই নথির জোরেই ছেলে মুক্তি পাবে বলে তাঁর ধারণা।
বিচারক কে টি টমাস মন্তব্য করেছিলেন, আরিভুর ব্যাপারে সিবিআই যে তদন্ত করেছিল, তাতে কয়েকটি গুরুতর ত্রুটি রয়েছে।তার ওপরে অতীতে যখন আরিভুকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, তখন সে আপত্তিকর কোনও আচরণ করেনি। এই রায়ের নথিটি আরপুথাম্মাল তুলে দিয়েছেন রাজ্যপালের হাতে।
বিচারক কে টি টমাস গতবছর রাজীব গান্ধীর বিধবা পত্নী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন, আপনি স্বামীর হত্যাকারীদের প্রতি দয়া দেখান। তাহলে তাদের কারাবাসের মেয়াদ কমবে।
সোমবার আরপুথাম্মাল বলেন, তামিলনাড়ুর মন্ত্রিসভায় সাত বন্দির মুক্তি চেয়ে এক প্রস্তাব পাশ হয়েছে। সেই ফাইল গিয়েছে রাজ্যপালের কাছে। তিনি সই করলেই সবাই মুক্তি পাবে।
গত ৯ সেপ্টেম্বর তামিলনাড়ুর এডিএমকে মন্ত্রিসভা রাজ্যপালের কাছে সুপারিশ করে, রাজীব গান্ধী খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাতজনকেই মুক্তি দেওয়া হোক। কংগ্রেস বাদে রাজ্যের প্রতিটি দল সরকারকে সমর্থন করে।