
রাজীব কুমার।
শেষ আপডেট: 7 June 2024 14:48
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন শেষ হতেই আইপিএস অফিসার রাজীব কুমারকে ডিজি পদে ফেরাল নবান্ন। লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারির পরই গত ১৮ মার্চ রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই দায়িত্বে আনা হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। ভোট মিটতেই এবার পুরনো পদে ফিরলেন রাজীব।
গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছিল রাজীবকে। তার আগে থেকেই অবশ্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
২০১৩ সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। কিন্তু ২০১৯ সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। চিটফান্ড কাণ্ডের তদন্ত সূত্রে তাঁর বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দাদের টিম চলে যাওয়া, তারপর তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো ইত্যাদি পর্বের সময়ে তার প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সেই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে গেছিল রাজ্য রাজনীতি। পরবর্তী সময়ে অবশ্য রাজীবকে পুলিশি দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনিক পদে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে কিছুদিন রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন রাজীব। সেই পদ থেকে গত ডিসেম্বরে তাঁকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।