দ্য ওয়াল ব্যুরো : বুধবার দিনের শুরুতেই প্রবল বৃষ্টিতে ভাসল রাজধানীর কয়েকটি এলাকা। মঙ্গলবারই আবহাওয়া দফতর থেকে বলা হয়েছিল, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি ও তার আশপাশে বর্ষা আসছে। দিল্লির রিজিওনাল ওয়েদার ফোরকাস্টিং সেন্টারের প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেন, বুধবার বিকাল থেকে আরও জোর বৃষ্টি হবে রাজধানী ও তার আশপাশে।
এদিন উত্তরপ্রদেশের কয়েকটি অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে আছে বদাউন, সম্ভাল, আলিগড়, বুলন্দশহর, বিজনৌর, মুজফফরাবাদ, শামলি, সাহারানপুর, হাপুর, আমরোহা, মেরঠ, জি বি নগর, মথুরা, হাথরাস, রায়বরেলি, লখনউ এবং বরাবাঁকি জেলা।
https://twitter.com/ANI/status/1275662806998822912
মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের কয়েকটি অংশে প্রবেশ করেছে। উত্তরপ্রদেশের অন্যান্য অঞ্চল, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব এবং রাজস্থানেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমী বায়ু প্রবেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তার প্রভাবে ২৪ ও ২৫ জুন পশ্চিম হিমালয় এবং উত্তর-পশ্চিম ভারতের সমতলে প্রবল বৃষ্টি হতে পারে।
কুলদীপ শ্রীবাস্তব বলেন, "আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি ও রাজধানী অঞ্চলে প্রবেশ করবে মৌসুমী বায়ু।"