
শেষ আপডেট: 15 October 2022 15:05
দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের (Rain in South Bengal) সম্ভাবনার কথা ঘোষণা করল আবহাওয়া দফতর। তবে সেই বৃষ্টির সঙ্গেই এই বছরের মতো বর্ষার ইনিংস শেষ হতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী দু'দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও পুরোপুরি বিদায় নিয়েছে বর্ষা, হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই।
প্রসঙ্গত, এই বছর সময়ের অনেকটা আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিপাতের আকাল চলছিল সেই সময় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। অন্যদিকে, দক্ষিণে বৃষ্টি হয়েছে অনেক বেশি দিন। শরতের আকাশ প্রায়ই ঢেকেছে কালো মেঘে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ, শনিবার রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও ঝেঁপে নামতে পারে বৃষ্টি। তবে আগামী কাল, রবিবার থেকে আকাশ থাকবে মেঘমুক্ত, পরিষ্কার।
এদিকে উত্তরবঙ্গ থেকেও বিদায় নিয়েছে বর্ষা। ফলে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। অর্থাৎ এই মরসুমের মতো মেয়াদ শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকদিন দেখা মিলবে বৃষ্টির, স্পষ্ট বার্তা আলিপুরের।
তবে কালীপুজোর আগের দিন পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন সিত্রাং। ঘূর্ণাবর্ত প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তা থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের দরুণ ২০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি ভিজতে পারে। যদিও এই ঘূর্ণাবর্তের গতিপথ ঠিক কী হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়।
ডেঙ্গি সংক্রমণ সবচেয়ে বেশি রাজ্যের কোন কোন এলাকায়! দেখুন নবান্নর বিস্তারিত তথ্য