
গরমের মাঝেই বৃষ্টির পূর্বাভাস - ফাইল চিত্র
শেষ আপডেট: 28 April 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: গত ৫০ বছরের রেকর্ড ভাঙার পথে। দুর্জয় গরমে হাঁসফাঁস করছে বাংলার আমজনতা।গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। গরম বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এই জ্বালাপোড়া পরিস্থিতির মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই বৃষ্টিতে আদৌ কি স্বস্তি মিলবে?
রবিবার রাজ্যের পাঁচটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও এই জেলাগুলি বা তার পার্শ্ববর্তী জেলায় তাপমাত্রার যে খুব একটা হেরফের হবে না, তার আভাস দিয়ে দেওয়া হয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়ার মতো জেলায় সামান্য ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা তেমন একটা কমার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে।
এপ্রিল মাস প্রায় শেষ। উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদে এখনও কালবৈশাখীর দেখা মেলেনি বাংলায়। দক্ষিণবঙ্গের মানুষ কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করছে বৃষ্টির। কিন্তু হাওয়া অফিস বলছে, আপাতত আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই। শুধু তাই নয়, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৬টি জেলায় লাল সতর্কতা থাকছে।
আগামী সপ্তাহে অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা আছে।
এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে। রাস্তায় বেরোতে হলে ছাতা নিতেই হবে। মাথা-মুখ ঢেকে রাখলে ভাল। বারে বারে জল খেতে হবে। সঙ্গে ওআরএস রাখলে ভাল হয়।