
শেষ আপডেট: 9 July 2023 06:52
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এখনও সেভাবে বর্ষার বৃষ্টির দেখা না গেলেও প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে উত্তর ভারত (Rain in North India)। দিল্লি, হিমাচলের অবস্থা খুবই শোচনীয়। জল থইথই রাস্তাঘাট। বাড়িঘর, দোকানেও ঢুকে পড়েছে জল। শুক্রবার থেকে টানা বৃষ্টি চলছে। শনিবারও পাল্টায়নি আবহাওয়ার রূপ। কিন্তু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে (Delhi Rain) যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা ভেঙে দিয়েছে ৪১ বছরে রেকর্ড!

১৯৮২ সালের জুলাই মাসের পর গত ২৪ ঘণ্টায় এত বৃষ্টি হয়েছে দিল্লিতে। মৌসম ভবন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার। প্রবল বর্ষণের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। জানা গেছে, দিল্লির কারোল বাগ এলাকার একটি বাড়ি ধসে পড়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের।
বৃষ্টিতে দিল্লির বিধ্বস্ত চেহারার ছবি ছড়িয়ে পড়েছে নেট পাড়ায়। হাসপাতাল থেকে দোকান-বাড়ির মধ্যে ঢুকে পড়েছে জল। একতলা ছেড়ে অনেকেই ওপরের তলায় থাকা শুরু করেছেন।
শুধু দিল্লি নয়, হিমাচলপ্রদেশের অবস্থাও খারাপ (Himachal Pradesh Rain)। প্রবল বৃষ্টিতে রাতারাতি হিমাচলের বিভিন্ন রাস্তাঘাট ডুবে গেছে। সেই সঙ্গে হড়পা বান আর ধস। সবমিলিয়ে বিপর্যস্ত হিমাচলের জনজীবন। আটকে গেছেন পর্যটকরা। উপচে পড়ছে হিমাচলের বিপাশা নদী। যার জেরে অটল টানেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হিমাচলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজনই সিমলার বাসিন্দা। চাম্বা ও কুলুতে একজন করে মৃত্যু হয়েছে। শনিবারের পর রবিবার সকাল থেকেই অঝোরে ঝরে চলেছে বৃষ্টি। একাধিক জেলায় বাড়ি ভেঙে পড়ার খবরও মিলেছে।