৩ বছরে ১৩০০ কোটি! শুধু টিকিটহীন যাত্রীদের জরিমানা করেই বিপুল উপার্জন রেলের
দ্য ওয়াল ব্যুরো: টিকিট না কেটে ট্রেনে উঠে পড়ার জন্য তো জরিমানা করা হয় নিত্যদিনই। প্ল্যাটফর্মে টিটিই-র কড়া নজরদারি এড়িয়ে কেউ কেউ পার পেয়ে গেলেও, ট্রেনের কামরায় তো বিনা টিকিটের যাত্রীরা ছাড় পান না কোনও ভাবেই। চড়া মূল্যের জরিমানার শিকার হ
শেষ আপডেট: 27 August 2019 03:30
দ্য ওয়াল ব্যুরো: টিকিট না কেটে ট্রেনে উঠে পড়ার জন্য তো জরিমানা করা হয় নিত্যদিনই। প্ল্যাটফর্মে টিটিই-র কড়া নজরদারি এড়িয়ে কেউ কেউ পার পেয়ে গেলেও, ট্রেনের কামরায় তো বিনা টিকিটের যাত্রীরা ছাড় পান না কোনও ভাবেই। চড়া মূল্যের জরিমানার শিকার হন তাঁরা। কিন্তু, এই জরিমানার পরিমাণ কতটা হতে পারে, জানেন কি?
রেল সূত্রের খবর, গত তিন বছরে বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা আদায় করে কেন্দ্রীয় রেল মন্ত্রকের যে উপার্জন হয়েছে, তার পরিমাণ প্রায় ১৩০০ কোটি টাকা! এবং এই উপার্জন গত তিন বছরে জোরকদমে বেড়েছে বলা জানিয়েছে রেল। একটি আরটিআইয়ের ভিত্তিতে রেল উত্তর দিয়েছে, জরিমানা থেকে অর্জিত টাকার পরিমাণ ৩১ শতাংশ বেড়ে গিয়েছে আগের চেয়ে!
রেল সূত্রের খবর, গত বছর দেখা গিয়েছিল, ২০১৬-১৭ সালে আদায় হওয়া জরিমানার টাকার পরিমাণ হঠাৎ করে কমে গিয়েছে। এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন উচ্চপদস্থ কর্তারা। কারণ এই জরিমানার অর্থে রেলের বহু কাজ করা হয়। তাই কেন্দ্রীয় রেল মন্ত্রকের বিশেষ কমিটি রীতিমতো উদ্বেগ প্রকাশ করে গত বছরের হিসেব হাতে পেয়ে। এবং তার পরেই সিদ্ধান্ত হয়, জরিমানা আদায়ে আরও বেশি গুরুত্ব দেওয়ার।
২০১৮ সালে রেল মন্ত্রকের রিপোর্টে জানা যায়, ২০১৬-১৭ সালে রেল ৪০৫.৩০ কোটি টাকা জরিমানা আদায় করেছে বিনা টিকিটের যাত্রীদের থেকে। এই অঙ্কটা সাধারণত যা আদায় হয়, তার চেয়ে কম ছিল খানিকটা। এর পরে উঠে-পড়ে লাগতেই পরের আর্থিক বছরে অর্থাৎ ২০১৭-১৮ সালে সেটা বেড়ে দাঁড়ায় ৪৪১.৬২ কোটি টাকায়। কিন্তু তার পরের বছরে, অর্থাৎ ২০১৮-১৯ সালে সেই অর্থের পরিমাণ পৌঁছয় ৫৩০.০৬ কোটি টাকায়! জানা যায়, এই সময়ে প্রায় ৯০ লক্ষ যাত্রী বিনা টিকিটে যাত্রা করতে গিয়ে ধরা পড়েছেন টিটিই-র হাতে। গুনেছেন বড় অঙ্কের জরিমানা।
রেল সূত্রের খবর, বিনা টিকিটে যাতায়াত করলে যাত্রীদের কমপক্ষে ২৫০ টাকা থেকে জরিমানা শুরু হয়। কখনও এই অঙ্কটা কয়েক হাজারও হয়ে দাঁড়ায় দূরত্ব এবং শ্রেণির ওপর নির্ভর করে। জরিমানার অঙ্কের সঙ্গে যাত্রীকে দিতে হয় টিকিটের দামও। জরিমানা অনাদায়ে ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।
এই নিয়মের যথেষ্ট কড়াকড়ি করে, নজরদারি বাড়িয়ে তবেই সম্ভব হয়েছে জরিমানা আদায়ের পরিমাণ বাড়ানো। আর এই পদ্ধতিতেই এতটা লাভের মুখ দেখেছে রেল।