
শেষ আপডেট: 10 March 2024 08:07
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সভা। জেলা থেকে বহু কর্মী ট্রেন পথেই সমাবেশে পৌঁছবেন। এদিকে এদিনই হাওড়া ডিভিশনে ২৮টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল।
রেলের হাওড়া ডিভিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিলুয়া স্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে। রবিবার সংশ্লিষ্ট লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে কাজ চলবে। তার জেরে এদিন হাওড়া-বর্ধমান শাখায় ২৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের এই ঘোষণা জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেছে শাসকদল। তৃণমূল নেতৃত্বর অভিযোগ, বিজেপির প্ররোচনাতেই এমন সিদ্ধান্ত রেলের।
প্রসঙ্গত, ব্রিগেডের জন্য রেলের কাছে বেশ কয়েকটি ট্রেন ভাড়া চেয়েছিল তৃণমূল। এমনকী গত বছর অভিষেকের নেতৃত্বে ১০০ দিনের বকেয়া আদায়ে দিল্লি অভিযানের সময়ও রেলের কাছে ট্রেন ভাড়া চেয়েছিল তৃণমূল। সেই সময় শেষ মুহূর্তে ট্রেন বাতিলের কথা জানায় রেল।
তৃণমূল নেতৃত্বর অভিযোগ, কর্মসূচি বানচাল করার লক্ষ্যেই এবারেও রবিবার বিশেষ দিনে একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে রেল। বিজেপি নেতৃত্বর অবশ্য দাবি, রেলের সিদ্ধান্তের সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। অযথা রাজনীতি করছে তৃণমূল।
রেল সূত্রের খবর, রেল লাইনের কাজের কারণে এদিন শিয়ালদহ শাখারও বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে।