
শেষ আপডেট: 12 March 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তে বড় দুর্ভোগের আশঙ্কা পূর্ব রেলের শিয়ালদহ শাখায়। আগামী শুক্রবার থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত শিয়ালদহ থেকে একাধিক শাখায় শতাধিক ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল। একই সঙ্গে রেলের তরফে জানানো হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে যাত্রী দুর্ভোগের প্রবল আশঙ্কা করা হচ্ছে।
বিষয়টি রেল কর্তাদেরও অজানা নয়। সূত্রের খবর, তাই রেল যাত্রীদের অসুবিধায় বিষয়টি নিয়ে রাজ্য পরিবহণ দফতরকে ওই চারদিন সংশ্লিষ্ট রুটগুলিতে বাড়তি বাস চালানোর আবেদন জানিয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, মোট ১৪৩ টি টি ট্রেন বাতিল করা হচ্ছে বারাসত, বনগাঁ, ব্যারাকপুর ও নৈহাটি শাখায়। এছাড়াও ৪৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
কেন? রেল সূত্রে জানা গিয়েছে, দমদম স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলছে। সিগনাল ব্যবস্থাকে উন্নত করা হচ্ছে শিয়ালদহ স্টেশনেও। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন চলাচল শুরু হবে। তাতে আদতে সুবিধা হবে যাত্রীদের। সেকারণেই আগামী শুক্রবার রাত থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত সিগন্যালিংয়ের কাজ চলবে।
রেল সূত্রে জানানো হয়েছে, মে মাসের আগেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর থেকে পুরোনো ৯ বগির ট্রেন আর থাকবে না। সব ট্রেনেই থাকবে ১২ বগি।