.webp)
হেলমেট পরিহিত এক ব্যক্তির বাইকের পিছনে হেলমেট ছাড়াই উঠে বসলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শেষ আপডেট: 17 June 2024 16:55
দ্য ওয়াল ব্যুরো: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাইকে চড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন। সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে প্রথমেই তিনি এক বার্তায় শোকপ্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। দিল্লি থেকে বাগডোগরা বিমানে এসে সেখানে একটি গাড়িতে কিছুদূর আসেন। তাড়াতাড়ির জন্য শর্টকাট রুট ধরতে এক ব্যক্তির বাইকের পিছনে বসে রওনা দেন রেলমন্ত্রী।
একটি ভিডিওয় দেখা গিয়েছে, হেলমেট পরিহিত এক ব্যক্তির বাইকের পিছনে হেলমেট ছাড়াই উঠে বসলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপর গ্রামের পথ ধরে রওনা দিলেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কাছে পৌঁছানোর জন্য। কারণ, ওই পথ দিয়েই তাড়াতাড়ি পৌঁছানো যাবে বলে স্থানীয়রা জানান।
মানুষের ভুলে দুর্ঘটনা রুখতে রেল কর্তৃপক্ষ 'কবচ' সুরক্ষার ব্যবস্থা করেছিল। প্রাথমিকভাবে অনুমান, মালগাড়ির চালক ভুল করে সিগন্যাল না বুঝে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনে ঢুকে পড়েন। কিন্তু, মানুষের ভুল সত্ত্বেও তা ঠেকাতে সুরক্ষা ব্যবস্থায় আমদানি করা হয়েছিল অটোমেটিক ট্রেন প্রটেকশন ব্যবস্থার। এই ব্যবস্থায় কোনও সিগন্যাল ভঙ্গ ঘটলেও তা রোখার নিয়ন্ত্রক প্রক্রিয়া রয়েছে। কিন্তু, তা এখানে ছিল না কেন?
কবচ কার্যকর থাকলে চালককে সতর্ক করে দিতে পারত এবং ট্রেনটি থামিয়ে দিতে পারত। কারণ একই লাইনে দুটি ট্রেন নিরাপদ দূরত্ব ভেঙে চলে এলে সক্রিয় হয়ে ওঠার কথা কবচের। তাতে ব্রেক পড়ার কথা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থায় ট্রেনের গতিরোধ করার কথা।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে এদিনই কংগ্রেস এক্সপ্রেসের ঝাঁঝালো সমালোচনায় কাটা পড়ল বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার। রেলযাত্রার সুরক্ষায় মোদী সরকারের অতীতের রেকর্ড নিয়ে সোমবার তুলোধনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক বার্তায় রাহুল গান্ধী ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে শোকজ্ঞাপন করেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু দুঃখজনক। মৃতদের পরিবারকে আমি গভীর শোক জানাই। যাঁরা জখম হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।
একইসঙ্গে রাহুল সমালোচনা করেন নরেন্দ্র মোদী সরকারের। গত এক দশকে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। তার পরেও রেলযাত্রীয় নিরাপত্তা নিয়ে কোনও নজর পড়েনি। এর জন্য কেন্দ্রের গাফিলতিকে দায়ী করেছেন কংগ্রেস সাংসদ।