দ্য ওয়াল ব্যুরো: সুরক্ষিত নয় রাজধানী। দিল্লিতে যে কোনও সময়ে বড়সড় হামলা চালাতে পারে জইশ। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র রিপোর্ট পাওয়ার পরেই দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের আনাচেকানাচে শুরু হয়েছে তল্লাশি। গোটা রাজধানীতে জারি হয়েছে লাল সতর্কতা।
দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, জইশ-ই-মহম্মদের তিন-চার জন ফিদায়েঁ জঙ্গি দিল্লিতে ঢুকেছে বলে খবর। গোয়েন্দা সূত্র জানিয়েছে, তারা আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত হচ্ছে। বুধবার রাত থেকেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্টপ, সব জায়গাতেই চলছে তল্লাশি। সিলামপুর, উত্তর-পূর্ব দিল্লি, জামিয়া নগর, পাহারগঞ্জ-সহ দিল্লির ন'জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ভারতের গোয়েন্দা সংস্থাগুলি সম্ভাব্য জঙ্গি হানার বিষয়ে আগেই সরকারকে রিপোর্ট দিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তের ও পারে প্রশিক্ষিত জঙ্গিদের জড়ো করা হয়েছে, এমন খবরও মিলেছে। কাশ্মীর নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতে ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্রও।
দিন কয়েক আগেই সেনাপ্রধান বিপিন রাওয়ত জানিয়েছিলেন, প্রায় পাঁচশো জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের জন্য প্রস্তুত রয়েছে। সীমান্তে কড়া পাহারা সত্ত্বেও ৪৫-৫০ জন জঙ্গির একটি দল ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে। জম্মু-কাশ্মীরের শ্রীনগর, উরি, অবন্তীপোরা, জম্মু, পঠানকোটের পাশাপাশি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের হিন্ডন বায়ু সেনা ঘাঁটিতেও হামলার পরিকল্পনা রয়েছে ওই জঙ্গিদের। ঝুঁকি না নিয়ে তাই ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও উত্তরপ্রদেশের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে। নাশকতার আশঙ্কা রয়েছে দিল্লিতেও।
গোয়েন্দাদের দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের ‘বদলা’ নিতে শুধু উপত্যকাতেই নয়, গোটা দেশেই হামলার পরিকল্পনা করেছে জইশ জঙ্গিরা। তারই মধ্যে ড্রোনের মাধ্যমে পঞ্জাবের খলিস্তানি জঙ্গিদের কাছে অস্ত্র পাচার শুরু করেছে পাকিস্তান। গোয়েন্দাদের আশঙ্কা, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অন্তত বার দশেক ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র পাঠানো হয়েছে পঞ্জাবে। তল্লাশিতে একাধিক এ কে ৪৭ রাইফেল, গ্রেনেড এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করেছে পঞ্জাব পুলিশ। আধুনিক এই সব আগ্নেয়াস্ত্র জড়ো করেই দিল্লি ও তার আশপাশে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে জঙ্গিরা।

গোয়েন্দা সূত্রে খবর, জইশের মাথা মৌলানা মাসুদ আজহার শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় গোটা অপারেশনের দায়িত্বে রয়েছে তার ভাই আব্দুল রউফ। বালাকোটে জইশ শিবির ঢেলে সাজানো হচ্ছে। জইশের কমান্ডার আব্দুল রউফ আসগরের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এও জানিয়েছে, নতুন করে মানসেরা, গুলপুর, কোটলির জঙ্গি শিবিরে প্রশিক্ষণ শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা থেকে জইশ নতুন করে জঙ্গি নিয়োগ করছে। তাদের ফিদায়েঁ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে খবর।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-for-more-eyes-in-the-sky-jammu-and-kashmir-police-to-get-50-drones/