দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার কর্ণাটকে একটি কঠিন পরীক্ষায় সফল হল কংগ্রেস জেডি এস জোট। রাজ্যে পাঁচটি আসনের উপনির্বাচনে চারটিই দখল করেছে তারা। জয়ের পরে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বললেন, ২০১৯ সালের লোকসভা ভোটেও বিজেপির বিরুদ্ধে লড়বে মহাজোট। তাতে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
কুমারস্বামীর যুক্তি, যখনই বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, বিজেপি হেরে যায়। উত্তরপ্রদেশের উপনির্বাচনেও এমনটাই দেখা গিয়েছে। সেখানে বিজেপি মায়াবতী ও অখিলেশ যাদবের জোটের কাছে পরাজিত হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি বলেন, কর্ণাটকে তাঁর কোনও প্রভাব নেই। আমি মনে করি ২০১৯ সালে কেন্দ্রে মহাজোটের সরকার তৈরী হবে। তাতে নেতৃত্ব দেবেন রাহুল।
তাঁকে প্রশ্ন করা হয়, অন্যান্য দল কি রাহুলকে জোটের নেতা হিসাবে মেনে নেবে? কুমারস্বামী বলেন, সেকথা তারাই বলতে পারবে। কিন্তু আমি গত কয়েকমাসে রাহুলের সঙ্গে মেলামেশা করে দেখেছি, তিনি খুব সরল ও সৎ। সরকার চালানোর ক্ষেত্রে আমাকে স্বাধীনতা দিয়েছেন।