
শেষ আপডেট: 14 April 2023 12:54
দ্য ওয়াল ব্যুরো: একজন ক্রিকেটার ছোটবেলায় গঙ্গায় (Ganges) ডুবতে বসেছিল। সেইসময় তাকে না বাঁচালে এই দিনটি আসত কিনা সন্দেহ। আইপিএলে গতবারই নিজের সাফল্যের কথা শোনাতে গিয়ে রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর সেই অজানা কথা।
বন্ধুদের সঙ্গে মহারাষ্ট্রের থানে শহরে গঙ্গায় গিয়েছিল। সবাই গঙ্গায় গিয়ে পাশের গাছ থেকে ঝাঁপ দিচ্ছে। রাহুলেরও মনে হল, এমনটা করলে মন্দ কী, ব্যস, সেও ঝাঁপ দিল বন্ধুদের দেখাদেখি। অনেকেই সাঁতার জানত, ছোট্ট রাহুল সেটি জানত না। কোথা থেকে এক যুবক এসে রাহুলকে পেট থেকে জল বের করে বাঁচিয়েছিলেন।
সেই রাহুলই শুক্রবার ইডেনে কেকেআরের (KKR) বড় প্রতিপক্ষ হতে পারেন। তিনি যতবার ইডেনে রঞ্জি খেলতে এসেছেন, ততবার চওড়া হয়েছে তাঁর ব্যাট। কলকাতার মাঠ তাঁর কাছে লাকি গ্রাউন্ড। হায়দরাবাদের হয়ে দারুণ ইনিংস খেলে সমর্থকদের মন জয় করেছেন। পাশাপাশি বিশেষজ্ঞরাও তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। হেরে যাওয়া ম্যাচ তাঁর ব্যাটে প্রাণ পেয়েছে। তাঁর অমূল্য ইনিংসের শেষ নেই, প্রয়োজনে বল হাতেও কামাল করেছেন। দু’বছর আগে তিনি কেকেআর দলের হয়েও স্মরণীয় ফর্ম দেখিয়েছিলেন।
হায়দরাবাদ তাঁকে এবার নিয়েছে নয় কোটি টাকার বিনিময়ে। ৩২ বছরের ডানহাতি ব্যাটার দলের ভরসার মর্যাদাও দিয়েছেন। নাইটদের বোলাররা রাহুলকে দ্রুত ফেরাতে না পারলে তিনি হয়ে উঠবেন ত্রাস। যিনি একসময় ইঞ্জিনিয়ারিং পড়বেন বলে ক্রিকেট ছেড়েছিলেন। তারপর ভাল লাগেনি উচ্চতর বিদ্যা, তাই ফের মাঠে ফিরে এসে চমক দিয়েছেন আইপিএলে। সাফল্যের সেই রাস্তা ক্রমে চওড়া হচ্ছে তাঁর।
বিধ্বংসী রাসেলকে দেখার অপেক্ষায় ইডেন, ক্যারিবিয়ান তারকাকে নিয়ে বিশেষ কৌশল কোচের