
শেষ আপডেট: 1 February 2023 14:42
দ্য ওয়াল ব্যুরো: বাজেট নিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বাজেট (budget) সম্পর্কে প্রতিক্রিয়া দিতে একটু আগে টুইট করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যখন বুধবারের কেন্দ্রীয় বাজেটকে ভোটমুখী বলছে, তখন কংগ্রেস বলছে, এই বাজেটে গরিব, মেহনতী মানুষের স্বার্থ দেখা হয়নি। অথচ, ভারত জেড়ো যাত্রায় রাহুল বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে বারে বারে সরব হয়েছেন। সাধারণ মানুষও এই বিষয়েই তাঁর কাছে বেশি উদ্বেগ প্রকাশ করেছে।
কংগ্রেসের বক্তব্য, বাজেটে কাজ সৃষ্টির কথা নেই। দ্রব্যমূল্য হ্রাসের চেষ্টা নেই। বরং তেলা মাথায় তেল দেওয়ার চেষ্টা হয়েছে।
দলের কথার রেশ ধরে রাহুল বলেন, অমৃতকালে মিত্র-কাল বাজেট করা হয়েছে। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্প সংস্থাই এই বাজেটে উপকৃত হবে।
আজ বাজেট ভাষণে নির্মলা বলেন, স্বাধীনতার অমৃতকালে সরকার দেশকে অমৃতকাল বাজেট উপহার দিল। নির্মলার কথার রেশ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রীর প্রশংসা করে বলেন, অমৃতকালের এই বাজেট উন্নত ভারতের ভিত গড়তে সাহায্য করবে।
মোদীর ওই কথাকে হাতিয়ার করেই রাহুল প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন, বাজেটকে মিত্র-কাল বলে কটাক্ষ করে।
টুইটে বলেন, 'এক শতাংশ ধনপতি সম্পদের ৪০ শতাংশ দখল করে রেখেছে। জিএসটির ৬৪ শতাংশ আসে ৫০ শতাংশ দরিদ্রতম মানুষের কাছ থেকে। ৪২ শতাংশ যুবক-যুবতী বেকার। তবুও, প্রধানমন্ত্রী বিচলিত নন।'
রাহুলের এই প্রতিক্রিয়া একেবারে নতুন নয়। অনেক দিন ধরেই রাহুল অভিযোগ করে আসছেন আম্বানি, আদানিদের মতো কতিপয় শিল্পপতির স্বার্থে কাজ করছে মোদী সরকার। আম আদমিকে নিজের কথা বোঝাতে মোদী সরকারকে একটা সময় এই কংগ্রেস নেতা স্যুট-বুটের সরকার বলতেন।
কংগ্রেস বুধবার বলেছে সীতারমন তাঁর বক্তৃতায় একবারও বেকারত্ব, দারিদ্র্য, অসাম্য শব্দটি উল্লেখ করেননি।
গোবর্ধন প্রকল্পে ১০ হাজার কোটি! পরিবেশবান্ধব বাজেটে বড় ঘোষণা নির্মলার