
শেষ আপডেট: 5 July 2023 10:20
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের মুখে বিজেপি নেতার প্রস্রাব করার ঘটনা নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। মঙ্গলবার ভাইরাল হওয়া ভিডিও ক্লিপিংয়ে ঘটনাটি দেখে নিন্দায় মুখর হয়েছেন বহু নেতাই। রাহুলের কথায়, ‘এই হল বিজেপির শাসনে ঘৃণার আর এক রূপ।’
ভিডিওতে দেখা যায়, একটি দোকানের সামনে বসে রয়েছেন এক আদিবাসী যুবক। সামনে দাঁড়িয়ে তাঁর মুখে প্রস্রাব করছে বিজেপির এক নেতা।
ঘটনাটি মধ্যপ্রদেশের সিধি জেলার। অভিযুক্ত বিজেপি নেতা প্রবেশ শুক্ল সিধির বিজেপি বিধায়ক কেদার নাথ শুক্লর প্রতিনিধি। ভিডিওটি টুইটারে শেয়ার করেন কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাস। মঙ্গলবারই কংগ্রেস বলে, যে বিজেপি জনজাতিদের অধিকার নিয়ে লেকচার দেয়, তাদের প্রকৃত আচরণ ও মানসিকতা কী তা এই ছবিতে পরিষ্কার। যদিও বিজেপির বিধায়ক অভিযুক্ত ব্যক্তিকে তাঁর প্রতিনিধি বলে মানতে চাননি। এমনকী অভিযুক্ত বিজেপির কেউ নয় বলেও পদ্ম শিবিরের দাবি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বুধবার দলের সুরেই রাহুল বলেন, দেশে আদিবাসীদের নির্যাতন, ঘৃণা বর্ষণের ঘটনা বেড়ে চলেছে। প্রসঙ্গত, সদ্য আমেরিকা সফরেও রাহুল ভারতে আদিবাসীদের উপর নির্যাতনের ঘটনায় সরব হন। বুধবার মধ্যপ্রদেশের ঘটনাটি নিয়ে টুইটে বলেন, ‘বিজেপির শাসনে আদিবাসী ভাই-বোনদের ওপর অত্যাচার বাড়ছে। মধ্যপ্রদেশে এক বিজেপি নেতার অমানবিক অপরাধে সমগ্র মানবতা লজ্জিত হয়েছে। এই ঘটনা আদিবাসী ও দলিতদের প্রতি বিজেপির আসল চরিত্র তুলে ধরেছে।’
ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমলনাথও। তিনি বলেন, ‘ঘটনাটি আদিবাসী সম্প্রদায়ের অপমান। ক্ষমতার নেশা বিজেপির নেতাদের এতটাই মোহিত করেছে যে তারা মানুষকে মানুষ মনে করছে না।’
বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী মধ্যপ্রদেশের ঘটনাকে জাতির লজ্জা বলে অভিহিত করেছেন। তিনি অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে (এনএসএ) ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনের ধারাতেই মামলা দায়ের করা হয়েছে।
এনসিপি: পয়লা রাউন্ডে অজিত জিতলেও ম্যাচ শরদের হাতেই, হতাশ বিজেপি, স্বস্তি শিন্ডের