
শেষ আপডেট: 23 May 2023 08:32
দ্য ওয়াল ব্যুরো: গাড়িতে যাচ্ছিলেন সিমলা। পথে আম্বালা থেকে চণ্ডীগড় (Chandigarh) পর্যন্ত গেলেন ট্রাকে চেপে। ২২-২৩ মের রাত ট্রাকেই কাটিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi on the truck)। উঠেছিলেন চালকের কামরায়। যাত্রা পথে শুনলেন ট্রাক চালক, খালাসিদের নানা সমস্যার কথা। জানলেন পণ্য পরিবহণ ব্যবসার হাল হকিকৎ।

নেতার এই ট্রাক সফরের ভিডিও প্রকাশ করে কংগ্রেস (congress) রাহুলকে 'জননায়ক' বলে উল্লেখ করেছে। বলেছে আমাদের নেতা নিজের মনের কথা বলে বেড়ান না। তিনি আমজনতার 'মন কি বাত' শুনতে তাদের মাঝে মিশে যান।
বলাই বাহুল্য কংগ্রেস নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করেছে। মোদীর প্রতি মাসের শেষ রবিবারের 'মন কি বাত' গত মাসেই সেঞ্চুরি করেছে। কেন্দ্রীয় সরকার ও বিজেপি ধুমধাম করে পালন করেছে শততম পর্ব।

কংগ্রেস আরও বলেছে, দেশে নব্বই লাখ ট্রাক চলাচল করে। পণ্য বহনকারীদের নানা সমস্যা আছে। কংগ্রেস নেতা যাত্রা পথে সব শুনেছেন। তিনি চালকদের সঙ্গে কিছু সময় ধাবায় কাটিয়েছেন।
সামাজিক মাধ্যমে তুমুল প্রশংসাও পাচ্ছে কংগ্রেস নেতার ট্রাক সফর। রাহুল নিজে অবশ্য এখনও নতুন অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেননি। তবে কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি। যেমন একজন লিখেছেন, রাহুল এমন এক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন যাতে তাঁর এক ইশারায় গোটা দেশ পথে নেমে আসে। কিন্তু উনি হয়তো জানেন না, মোদীজি মানুষের হৃদয়ে বাস করেন।
আর একজন লিখেছেন, মোদীজি দেশের হাইওয়ের হাল বদলে দিয়েছেন। ট্রাক ড্রাইভারদের সমস্যা মিটে গিয়েছে। রাহুল ট্রাক ড্রাইভারদের সঙ্গে ঘুরে নাটক করছেন।

রাহুলের সাধারণের মধ্যে মিশে যাওয়া অবশ্য নতুন নয়। কংগ্রেসের সহ সভাপতি থাকার সময় তিনি বহু রাত দলিত, আদিবাসী পরিবারে কাটিয়েছেন। ভারত জোড়ো যাত্রায় এভাবেই মিশে গিয়েছিলেন সমাজের নানা অংশের মানুষের মাঝে।
হালে কর্নাটক বিধানসভার প্রচারে রাহুল ট্রেনে, বাসে, মেট্রোয় যাত্রীদের সঙ্গে কথা বলছেন। শহর ঘুরেছেন ফুড ডেলিভারি বয়ের মোটর সাইকেলে চেপে। একই সময়ে বেঙ্গালুরুতে চোখ ধাঁধানো রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনের প্রচার নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল চর্চা হয়। শহর অচল করে রোড শো করায় নিন্দার ঝড় বয়ে যায় মোদীর বিরুদ্ধে।
মোদী বিরোধী জোট: অবিজেপি দলের সম্মেলন অচিরেই, সিদ্ধান্ত খাড়্গে-নীতীশ বৈঠকে