
শেষ আপডেট: 31 August 2023 16:16
দ্য ওয়াল ব্যুরো: আদানি (Adani issue) সংস্থায় বেআইনি লেনদেনের অভিযোগ এনে যৌথ সংসদীয় কমিটি তথা জেপিসি (Joint Parliamentary Committee) তদন্তের দাবি জানালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুলের সেই ঘোষণার পরক্ষণেই বাংলার রাজনীতিতে এই প্রশ্ন উঠে গেল যে, এবার জেপিসি তদন্তের দাবিতে কি সায় দেবে তৃণমূল কংগ্রেস তথা মমতা-অভিষেক?
এ বছরের গোড়ায় আদানি সংস্থার বিরুদ্ধে শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গের একটি রিপোর্ট নিয়ে তুলকালাম পড়ে গিয়েছিল। তখনই আদানি কাণ্ড নিয়ে জেপিসি (JPC) গঠনের দাবি জানিয়ে সংসদ অচল করে রেখেছিল কংগ্রেস। কিন্তু তাতে আপত্তি করেছিল তৃণমূল। সংসদের অধিবেশনের আগে সব সাংসদদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর ডেরেক ও'ব্রায়েনরা পরিষ্কার জানিয়েছিলেন, সংসদ এভাবে অচল করে রাখার পক্ষে তাঁরা নন। জেপিসি তদন্ত করে আখেরে কিছু হবে না। কংগ্রেসের থেকে পৃথক লাইন নিয়ে আদানি প্রশ্নে দিল্লিতে এলআইসি ও স্টেট ব্যাঙ্কের কার্যালয়ের বাইরে ধর্না দিয়েছিলেন তৃণমূল সাংসদরা।
শুধু তৃণমূল নয়, আদানি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে শরদ পাওয়ারও সহমত ছিলেন না। পাওয়ারের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করে দেখা যেতে পারে।
কিন্তু গত মার্চ মাস আর এই অগস্টের শেষ দিনের মধ্যে যেন আলোকবর্ষ ফারাক। বিশেষ করে বুধ সকালে লুটিয়েন দিল্লিতে এমন এক ঘটনা ঘটে গেছে যা বাংলার রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। বুধবার ভোর ৬টায় দশ নম্বর জনপথে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক। মুম্বইতে ইন্ডিয়া বৈঠকে রাহুল-অভিষেকের সাক্ষাতের সমূহ সুযোগ রয়েছে। তার পরেও পৃথক বৈঠকের কারণ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তাও বৈঠকের সময় নির্বাচন বিষ্ময় তৈরি করেছে।
পর্যবেক্ষকদের মতে, রাহুলের সঙ্গে অভিষেকের দেখা করতে যাওয়া তাৎপর্যপূর্ণ। এর আগে একটা সময় দেখা গিয়েছে যে জতীয় রাজনীতিতে মরিয়া হয়ে বন্ধু খুঁজেছে কংগ্রেস। তার সুযোগ নিয়েছে আঞ্চলিক দলগুলি। কিন্তু বুধবারের বৈঠকে পরিষ্কার যে কংগ্রেসের যতটা তৃণমূলকে দরকার, ততটাই তৃণমূলের কংগ্রেসকে দরকার। এই বৈঠকের প্রেক্ষাপটে মনে করা যেতে পারে যে এবার জেপিসি তদন্তের দাবিতে সায় দিতে পারে তৃণমূল।
সূত্রের মতে, ইন্ডিয়া বৈঠকেও কংগ্রেস জেপিসির দাবি নিয়ে আলোচনার প্রস্তাব দেবে। তার মুম্বই বৈঠকে এ ব্যাপারে সর্বসম্মত অবস্থান নেওয়া হবে। কারণ, এ বিষয়ে তৃণমূল, শরদ পাওয়ারের পাশাপাশি সবাইকে একই পংক্তিতে আনা জরুরি।
আরও পড়ুন: আদানিতে বেআইনি পথে কার টাকা, কেন মোদী আড়াল করছেন, জেপিসি দাবি রাহুলের