দ্য ওয়াল ব্যুরো: সংসদ অধিবেশন শুরুর পর থেকেই সক্রিয় তৃণমূল কংগ্রেস। বিশেষ করে পেগাসাস ম্যালওয়্যার ব্যবহার করে দেশজুড়ে বহু মানুষের ফোনে আড়ি পাতার বিষয়টিকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে আগ্রাসী আক্রমণে নেমেছে তারা। প্রধান বিরোধী দল হয়েও কংগ্রেস ছিল খানিকটা পিছনের সারিতে। হঠাৎ।করেই বিরোধী ঐক্যের ঝান্ডা হাতে নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাজনীতির পর্যবেক্ষকদের চোখ এড়ায়নি এই আকস্মিক সক্রিয়তা। আজ বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন। সেই প্রেক্ষাপটে রাহুলের সক্রিয়তা রাজনৈতিক মহলে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
গতকাল, মঙ্গলবারই লোকসভার বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে বৈঠক করেন রাহুল। চোখে পড়ার মতো বিষয় হল, সেই বৈঠকে দেশের একাধিক ছোট-বড় বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তৃণমূলের কেউ ছিল না। ডিএমকে, এনসিপি, শিবসেনা, সিপিএম, আরএসপি থাকলেও তৃণমূল অনুপস্থিত ছিল। আজ বুধবার তিনি লোকসভা ও রাজ্যসভা, দুই সদনের বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে বৈঠক করবেন। তার আগে সব দলকেই বলেছেন, পেগাসাস নিয়ে মুলতবি প্রস্তাব জমা করতে। তাতে দাবি করা হচ্ছে, ফোনে আড়ি পাতা নিয়ে আলোচনা করতে হবে এবং তা হতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে।
জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে রাহুল গান্ধী সব দলকে অনুরোধ করেছেন, পেগাসাস তথা আড়িপাতার বিষয়টি নিয়ে সমস্ত বিরোধী দল যেন লোকসভা ও রাজ্যসভায় সরব হন।
আজ ফের রাজ্যসভা ও লোকসভার বিরোধী দলনেতাদের নিয়ে বৈঠকে ডেকেছেন রাহুল। মনে করা হচ্ছে, সেখানেও তিনি একই বিষয় নিয়ে আলোচনা করবেন। মোটমাট বিরোধী ঐক্য আরও জোরদার করতে চাইছেন তিনি।
লক্ষ্যণীয় বিষয় হল, রাহুল গান্ধী এর আগে বলেছেন, কেন্দ্রের ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কোনও দলের কেবল ব্যক্তিগত বিরোধিতা যথেষ্ট নয়। বিরোধীদের ঐক্যবদ্ধ শক্তির প্রকাশ দরকার একই সঙ্গে। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল যে খানিক অতি সক্রিয় সেদিকেই রাহুল ইঙ্গিত করতে চেয়েছেন। সেই বিষয়টি বোঝাতেই তিনি হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছে।
এখন দেখার বিষয় হল, রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধিতার স্বর আরও বেশি ঐক্যবদ্ধ ও সুসংহত হয় কিনা। ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন চর্চা শুরু হয়েছে, তাঁকে বিরোধী দলের মুখ বলে মনে করা হচ্ছে, তখন রাহুলের এই অতিসক্রিয়তা কি কোনও প্রতিযোগিতার ইঙ্গিত, সেই বিষয়টিও ফেলে দিচ্ছেন না অনেকেই।