দ্য ওয়াল ব্যুরো: এক জন অমেঠির সাংসদ, অন্য জন সেখানকারই স্থানীয় বিধায়ক। দলটাও একই। ফলে খুব স্বাভাবিক ভাবেই, বেশ কয়েক বারই একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। ফ্রেমবন্দিও হয়েছেন তাঁরা ঝড়ের গতিতে। আর সেই ফ্রেম ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সঙ্গে জল্পনাও, খুব শিগ্গিরিই নাকি বিয়ের বন্ধনে জড়াতে চলেছেন তাঁরা। আর এই দুই চরিত্রের এক জন যদি হন রাহুল গান্ধী, তবে কেনই বা হবে না এমন জল্পনা? তবে সমস্ত জল্পনায় জল ঢালতে এবার আসরে নামলেন দ্বিতীয় চরিত্র নিজেই। অদিতি সিংহ, অমেঠি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। সাফ বলে দিলেন, রাহুল তাঁর দাদা ছাড়া কিছুই নন। এমনকী তিনি রাহুলকে রাখিও পরিয়েছেন বলে দাবি তাঁর। রাহুল গান্ধীকে নিয়ে বিয়ের জল্পনা অবশ্য নতুন নয়। অতীতেও বহুবার তাঁর বিয়ের সম্ভাবনা ঘুরেছে রাজনীতির আনাচকানাচে। সম্ভাবনার তালিকা থেকে বাদ পড়েননি রাহুলের বিদেশিনি বান্ধবীও। তবে এ বার অদিতির সঙ্গে রাহুলের বিয়ের ‘খবর’ এতই মাত্রা ছাড়ায়, বাধ্য হয়ে মুখ খুলতে হয় অদিতিকেই। টুইট করে তিনি জানান, “রাহুলকে রাখি পরিয়েছি।” সিংহ পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের ঘনিষ্ঠতা বহু দিনেরই। অদিতির বাবা অখিলেশ সিংহের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল রাজীব গান্ধীর। মাঝখানে নানা কারণে কিছু দূরত্ব তৈরি হলেও, এখন আবারও তা ফিরে এসেছে। সেই সঙ্গেই যোগ হয়েছে একই কেন্দ্র থেকে দুই পরিবারের সদস্যের সাংসদ ও বিধায়ক হওয়ার ঘটনা। তবে বিয়ের জল্পনার সঙ্গে সঙ্গেই এই প্রশ্নও উঠেছে, মাত্র ৩০ বছর বয়সি অদিতিকে বিয়ে করার বয়স কি আর রাহুলের আছে? এ বিষয়ে অবশ্য একটু বিরক্তই রাহুল। তাঁর ক্ষোভ, সব সাক্ষাৎকারেই একটা কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তিনি কবে বিয়ে করছেন, কাকে করছেন। রাহুল আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন, সত্যিই বিয়ে করলে তা জানিয়েই করবেন। তাই অদিতিকে নিয়ে জল্পনা ভেস্তে যাওয়ার পরে, নতুন করে অপেক্ষা শুরু করা ছাড়া উপায় নেই।