দ্য ওয়াল ব্যুরো : বুধবার সংসদে রাফায়েল নিয়ে রিপোর্ট পেশ করল ক্যাগ। তাতে বলা হয়েছে, ইউপিএ আমলে রাফায়েল বিমানের যে দাম ধার্য করা হয়েছিল, প্রধানমন্ত্রী মোদীর আমলে কেনা হয়েছে তার চেয়ে সস্তায়। ইউপিএ আমলের চেয়ে ২.৮ শতাংশ কমে ৩৬ টি রাফায়েল কেনার চুক্তি করেছেন মোদী। কংগ্রেস এতদিন অভিযোগ করে এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু শিল্পপতি অনিল অম্বানিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বেশি দামে রাফায়েল কেনা হয়েছে। কিন্তু ক্যাগ রিপোর্ট সেই দাবি সমর্থন করেনি।
ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই বিরোধীদের উদ্দেশে আক্রমণ শানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বিরোধী জোটকে বলেছেন, মহাঝুঠবন্ধন। অন্যদিকে বিরোধীরা বলছেন, রাফায়েলের দাম কীভাবে নির্ধারিত হয়েছে, তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি ক্যাগ রিপোর্টে নেই। কারণ প্রতিরক্ষা মন্ত্রক ওই তথ্যগুলি প্রকাশ করতে আপত্তি জানিয়েছে। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল ইতিমধ্যেই নাকচ করে দিয়েছে ক্যাগ রিপোর্ট।
এখন যিনি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে রয়েছেন, তাঁর নাম রাজীব মেহঋষি। বিরোধীদের দাবি, তিনি মোদী সরকারের সমর্থক। রাফায়েল চুক্তির সময় তিনি ছিলেন অর্থ সচিব। কংগ্রেস সরাসরি অভিযোগ করেছে, রাফায়েল কেনার সময় যে অনিয়ম হয়েছিল, মেহঋষি তার সঙ্গে জড়িত। প্রশাসনের সর্বোচ্চ স্তরের ব্যক্তিদের জানিয়ে, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ওই দুর্নীতি হয়েছিল।
অন্যদিকে জেটলি টুইট করে বলেছেন, মহাঝুঠবন্ধনের মিথ্যা এতদিনে ধরা পড়ে গেল। ক্যাগ স্পষ্ট বলেছে, এনডিএ আমলে আগের চেয়ে কম দামে রাফায়েল বিমান কেনা হয়েছিল। শুধু তাই নয়, ওই বিমান যাতে তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া হয়, তাও নিশ্চিত করেছিল মোদী সরকার।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি টুইট করেছেন, সুপ্রিম কোর্ট ভুল বলছে, ক্যাগ ভুল বলছে, কিন্তু রাজবংশ যা বলছে, তাই একমাত্র সত্যি।
https://twitter.com/arunjaitley/status/1095567091804049408
বুধবারই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, রাফায়েল চুক্তির আগে প্রতিরক্ষা মন্ত্রকের তিন পদস্থ অফিসার বলেছিলেন, ইউপিএ আমলে বিমানের যা দাম ধার্য হয়েছিল, এখন তার চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বলা যায় না। বিমান যে আগেই ডেলিভারি দেওয়া হচ্ছে, একথাও বলা অনুচিত।
বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী টুইট করে বলেছেন, ক্যাগ রিপোর্ট পুরোপুরি ঠিক নয়। তাতে অসম্পূর্ণতা আছে। সাংবিধানিক সংস্থাগুলি এখন রীতিমতো চাপে পড়েছে। বিজেপি সরকারের আমলা তারা সৎভাবে কাজ করতে পারছে না। ব্যাপারটা খুবই উদ্বেগের।