
রচনা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 12 May 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রধানমন্ত্রী যা বলেছেন তা একদম সঠিক বলেছেন, সিঙ্গুরের বেগমপুরে ভোট প্রচারের ফাঁকে একথা বললেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
রবিবার হুগলি চুঁচুড়া ও পুরশুড়াতে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুঁচুড়া কোর্ট ময়দানে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে আন্তর্জাতিক মাতৃ দিবসের কথা। তিনি বলেন, " গোটা বিশ্ব আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে। কিন্তু আমরা বছরের প্রত্যেক দিন মাতৃ আরাধনা করি, ভারতমাতার পুজো করি।" প্রধানমন্ত্রীর এই মন্তব্য সম্পর্কে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে উনি বলেন, "একদমই ঠিক কথা বলেছেন। আমরা ভারতমাতার পুজো করি, আজ আন্তর্জাতিক নারী দিবস। আমরা মায়েদের সর্বদা সম্মান করি, তাই দুর্গামায়ের পুজো করি, কালী পুজো করি। উনি একদম সঠিক কথা বলেছেন।"
তবে তৃণমূল প্রার্থীর আক্ষেপ, ভোটের কাজের জন্য আজ ছেলের সঙ্গে থাকতে পারেননি। সকাল থেকেই তিনি সিঙ্গুরে রয়েছেন, বিকেলেও সিঙ্গুরেই থাকবেন। তিনি বলেন, "কাজটা সবসময় প্রাধান্য পায় আমার কাছে। ছেলের সাথে ফোনে কথা হয়েছে। ও বুঝে গেছে মা একটু ব্যস্ত । কিছু করার নেই।"
অন্যদিকে পাণ্ডুয়াতে বোমা বিস্ফোরণের ঘটনায় কিশোরের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী চুঁচুড়ার জনসভা থেকে যেভাবে তৃণমূলকে দায়ী করেছেন তার কোনও উত্তর দিতে চাননি তৃণমূল প্রার্থী। "হর ঘর জল, হর ঘর বোমা" নিয়ে প্রধানমন্ত্রী যে কটুক্তি করেছেন, তার উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘরে ঘরে জল উনি পৌঁচ্ছে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছেন সেটা রাজ্যের মানুষ জানেন। শনিবারের জনসভা থেকে দিদি এর উত্তরও দিয়েছেন।"
মহিলা, কৃষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য একাধিক সরকারি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী যে দাবি করেছেন সেই প্রসঙ্গে রচনার মন্তব্য, "ভোটের আগেই উনি একাধিক প্রকল্প নিয়ে ফলাও করে বলেন। ভোট মিটে গেলেই প্রকল্পগুলো হারিয়ে যায়। কেউ সেই প্রকল্পগুলো আর খুঁজে পায় না।"