
শেষ আপডেট: 28 May 2022 10:48
দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) রোয়িং করার সময় প্রাণ দুই পড়ুয়ার। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকার ফলেও কেন রোয়িং (Rowing) করার অনুমতি দেওয়া হল? নিরাপত্তার ব্যবস্থা কী ছিল? ঘটনার পর এমনই একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল। সেই নিয়েই শুক্রবার লালবাজারে (Lalbazaar) বিশেষ বৈঠক ছিল। সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয় যে, আপাতত অনির্দিষ্টকালের জন্য রবীন্দ্র সরোবরে বন্ধ থাকছে রোয়িং অনুশীলন।
শুক্রবার লালবাজারে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকে ছিলেন কলকাতার চারটি রোয়িং ক্লাবের সদ্যরা, কেএমডি-এর আধিকারিকরা ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বৈঠক শেষে স্থির হয় রোয়িংয়ের ক্রু যাঁরা আছেন তাঁদের জন্য একটি বিশেষ নির্দেশিকা চালু করা হবে। কলকাতার পুলিশের তরফে যতদিন এই নির্দেশিকা চালু না হচ্ছে ততদিন বন্ধ থাকবে রোয়িং।
কী কী থাকছে এই নির্দেশিকায়? লালবাজার সূত্রে খবর, লেকে সবসময় উদ্ধারকারী একটি বোট থাকতে হবে, লাইফ সেভার ও ডুবুরি মোতায়েন থাকবে, আবহাওয়া দেখেই তবে রোয়িং করার অনুমতি দেওয়া হবে, এছাড়াও ক্রু যাঁরা থাকবেন তাঁদের শারীরিক অবস্থা পরীক্ষা করার ব্যবস্থা সহ একাধিক বিষয়।
রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) এই দুর্ঘটনা প্রসঙ্গে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফি হাকিম। তিনি বলেন, "যে এসওপি তৈরির কথা পুলিশ বলেছে তা যেন মেনে চলা হয় তা নজর রাখতে হবে। সারা বছরের জন্য বিশেষ বোট রাখতে হবে। নাহলে আমাদের বাচ্চারা রোয়িং প্রতিযোগিতা যেতে পারবে না। আগে লেকে কিছুই ছিল না। কিন্তু এখন আমাদের সরকার অনেক কাজ করেছে। রোয়িংটা রাখতে হবে না হলে আমাকে নতুন প্রজন্ম পিছিয়ে পড়বে।"
প্রসঙ্গত, গত ২২ মে স্কুল পর্যায়ের এক রোয়িং টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু ২১ তারিখ বিকেলে অনুশীলনের সময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বিকেলে হঠাৎই বইতে শুরু করে ৯০ কিমি বেগে ঝড়। যার ফলে উল্টে যায় একটি রোয়িংয়ের বোট। তাতেই ছিল সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়ারা। দুর্ঘটনায় প্রাণ হারান দুই ছাত্র।