
শেষ আপডেট: 26 November 2020 18:30
চিন্তা বাড়াচ্ছে দেশের এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর তথা আর নম্বর। গত মাসে আর নম্বর নেমে গিয়েছিল ০.৮৮ পয়েন্টে। দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির পরে ফের আর নম্বর বাড়ে ০.৯৫ পয়েন্টে। তবে গত দু’সপ্তাহ আগেও চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথেমেটিক্যাল সায়েন্সের গবেষকরা খবর দিয়েছিলেন আর নম্বর ফের ০.৯০ পয়েন্টে নেমে গিয়েছে। এতদিন এই নম্বরে স্থিতিশীল ছিল, তবে এ সপ্তাহে ফের বেড়ে একের উপর উঠে গেছে। দেশে এখন এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর ১.০৪।
https://twitter.com/ICMRDELHI/status/1332163134828597249
আর নম্বর একের নিচে নামানোই লক্ষ্য স্বাস্থ্যমন্ত্রকের। তবেই করোনা ট্রান্সমিশন রেট তথা সংক্রমণ ছড়িয়ে পড়ার হার কমবে। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও কমে যাবে। কিন্তু দেশের কয়েকটি রাজ্য তথা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে আর নম্বর বেড়েছে অনেকটাই। মহারাষ্ট্রেও আর নম্বর ০.৯১ থেকে বেড়ে ১.০৬ পয়েন্টে পৌঁছেছে। দিল্লিতে ০.৮৯, রাজস্থানে ১.০৯ থেকে বেড়ে ১.২২, মুম্বইতে ১.১২।
দেশে সুস্থতার হার ধীর গতিতে বাড়ছে। আজকের হিসেবেও ৯৩ শতাংশেই আটকে আছে কোভিড রিকভারি রেট। ৮৭ লাখ কোভিড রোগী সুস্থ হয়েছেন দেশে। কোভিড টেস্ট আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বিশেষত আরটি-পিসিআর টেস্টের সংখ্যা বাড়ানো হচ্ছে সব রাজ্যগুলিতে। আইসিএমআর জানিয়েছে, ১৩ কোটি ৭০ লক্ষের বেশি নমুনা পরীক্ষা হয়েছে আজ অবধি। গতকাল ১১ লাখ করোনা পরীক্ষা হয়েছে দেশে।