
শেষ আপডেট: 5 September 2023 12:09
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ (World Cup 2023) শেষ হলেই আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি! ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দল ঘোষণার মাঝেই নিজের অবসর নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক (Quinton De Kock)।
মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকাও নিজেদের দল ঘোষণা করেছে। সেই দলে আছেন ডি'কক। কিন্তু বিশ্বকাপের পরেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটারের অবসর গ্রহণের কথা জানায় ওই দেশের ক্রিকেট বোর্ড।
২০১৩ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় ডি'ককের। এখনও পর্যন্ত ১৪০টি ম্যাচ খেলেছেন তিনি। রান ৫৯৬৬। ১৭টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। ডি'ককের স্ট্রাইক রেট ৯৬.০৮। গড় ৪৪.৮৫। একদিনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ১৭৪।
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডি'কক। এবার একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। তবে কেন আচমকা এই অবসর ঘোষণা করলেন, তা খোলসা করেননি ডি'কক।
আরও পড়ুন: রোহিত আচমকা মেজাজ হারালেন! বললেন, 'এমন প্রশ্ন আমাকে করবেন না…'