
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 December 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: পুলিশকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিধায়ক এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে।
অভিযোগ, অঞ্চল সভাপতির বিরুদ্ধে পুলিশের তরফে ইতিমধ্যে এফআইআর করা হলেও বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরে।
"
বিষয়টি প্রকাশ্যে আসতে জনমানসে তো বটেই, শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। স্থানীয় মানুষের মতে, "একই শাসানির অভিযোগে কেন পুলিশের দুই রূপ হবে?"
এ ব্যাপারে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যর কটাক্ষ, "তৃণমূলের পতন আসন্ন। তাই ওরা এখন আর পুলিশকেও বিশ্বাস করতে পারছে না!"
ঘটনার সূত্রপাত, গত মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে মঙ্গলকোটে অশান্তির পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের একটি গোষ্ঠীর লোকজন। সেখানে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী হুমকি দেন বলে অভিযোগ।
পরে এ ব্যাপারে ভাইরাল ভিডিও (ভিডিও-র সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি) তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায়, ‘এই নপুংসক পুলিশ আমাদের দরকার নেই।"
আরও একধাপ এগিয়ে তৃণমূলের মঙ্গল কোটের অঞ্চল সভাপতি মুকুল রহমান পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এতদিন কিছু বলিনি। কিন্তু আর চুপ থাকব না। দুপুর ১টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে পুলিশকে চুড়ি পরিয়ে দেব।" ওই ঘটনাতেই তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে এদিন এফআর করেছে পুলিশ। কিন্তু বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে শাসকদলের অভ্যন্তরেই।