
শেষ আপডেট: 13 February 2023 02:39
দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক (Turkey earthquake) এবং সিরিয়ার পাশে এবার দাঁড়ানোর কথা ঘোষণা করল কাতার। মাস দুয়েক আগেই ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে। সিরিয়া এবং তুরস্কের ঘরছাড়া মানুষের জন্য এবার বিশ্বকাপের জন্য তৈরি ১০ হাজার কেবিন এবং ক্যারাভ্যান পাঠানোর কথা ঘোষণা করল কাতার (Qatar Donates World Cup Cabins)।
গত সোমবার ভোররাতে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বিধ্বংসী সেই ভূমিকম্পে দুটি দেশ মিলিয়ে এখনও পর্যন্ত ৩৩ হাজার মানুষের মৃত্যুর খবর মিলেছে। ধূলিসাৎ হয়ে গেছে বাড়িঘর, অফিস, স্কুল-কলেজ হাসপাতাল। এক মুহূর্তে গৃহহীন হয়ে পড়েছেন দুই পড়শি দেশের হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই ভারত সহ একাধিক দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক এবং সিরিয়ার দিকে। সেই পরিস্থিতিতে এবার বিপর্যস্ত দুটি দেশের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করল ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। রবিবার দেশটির এক মুখপাত্র জানিয়েছেন, সেখানকার ঘরছাড়া মানুষের জন্য বিশ্বকাপের সময় ব্যবহৃত চলমান কেবিন এবং ক্যারাভ্যানগুলি শিগগিরই দেশদুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
সোমবার দোহা বন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হবে বেশ কিছু চলমান কেবিন এবং ক্যারাভ্যান। আগামী দিনে ধাপে ধাপে তুরস্ক এবং সিরিয়ায় আরও ত্রাণসামগ্রী এবং কেবিন পাঠানো হবে বলে জানিয়েছেন এক আধিকারিক।
এর আগে কাতারের তরফে ১৩০ জনের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে। ১০০ টন ত্রাণসামগ্রীও পাঠিয়েছিল কাতার। রবিবার পরিস্থিতি খতিয়ে দেখতে তুরস্কে গেছেন কাতারের এমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। গত সপ্তাহের ভূমিকম্পের পর এই প্রথম কোনও বিদেশি আধিকারিক দেশটিতে গিয়ে পৌঁছেছেন।
'তুমি তো মিরাকেল'! প্রায় ১৫০ ঘণ্টা পরে তুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০ বছরের মেয়ে