
শেষ আপডেট: 29 January 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: বাড়িতে ঝগড়া করে কলকাতায় পাড়ি দিয়েছিল দুই স্কুল ছাত্রী। কিন্তু তারপরই তারা পাচারকারীদের খপ্পরে পড়ে। অবশেষে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় পুরুলিয়ার ওই দুই ছাত্রী। সঙ্গে এক আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালিকার বাড়ি মফস্বল থানা এলাকায়। গত ২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল তারা। মফস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীদের পরিবার।
পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ জানিয়েছেন, দুই নাবালিকাই স্কুলে পড়ে। গত ২ তারিখ বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিল। বাড়ি ফিরবে না বলে সাইকেল চালিয়ে স্টেশনের দিকে রওনা হয়। স্টেশনে সাইকেল রেখে ট্রেনে চেপে চলে যায় হাওড়ায়। সেখানে থেকে পরে শিয়ালদহে যায় তারা।
শিয়ালদহ স্টেশনে পৌঁছে তাঁরা ঘুরতে থাকে। তাদের ইস্ততত ভাবে ঘুরতে দেখে এক মহিলা এগিয়ে যায় তাদের দিকে। নাবালিকাদের বয়ান অনুযায়ী সেই মহিলার নাম রুপালি। সে আন্তঃরাজ্য পাচারের সঙ্গে যুক্ত। রুপালি দুজনের সঙ্গে কথা বলার পরে কাজের টোপ দিয়ে কার্তিক নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করায়। কার্তিককে তাঁর স্বামী হিসাবে পরিচয় দিয়েছিল রুপালি। কার্তিক ও রুপালি তাদের কাজ দেবে বলে বর্ধমানে নিয়ে যায়। সেখানে প্রীতি বলে এক মহিলার সঙ্গে পরিচয় করায় ওই দুই নাবালিকাকে। প্রীতি তাঁদের কাজ দেবে বলে বিহারের পশ্চিম চম্পারণে নিয়ে যায়। সেখানে মাঝিয়ালি এলাকায় এক চটুল নাচের আসরে নাচার ব্যবস্থা করে দেয় সে।
পুলিশ সুপারের কথায়, তদন্তে নেমে নিখোঁজ নাবালিকাদের সঙ্গে বিহার যোগের তথ্য পায় পুলিশ। সেখানেই অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। নাবালিকাদের উপর যৌন নির্যাতনের চেষ্টা চালানো হয়েছিল বলে জানা গেছে। প্রীতি নামে বর্ধমানের ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।