
আবাস যোজনার তালিকায় নাম থাকা তৃণমূল নেতা ও তাঁর প্রাসাদোপম বাড়ি
শেষ আপডেট: 29 November 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: বসবাসের জন্য রয়েছে অট্টালিকা। তবুও আবাস যোজনার তালিকায় উঠে এসেছে তৃণমূল নেতার নাম। বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে বড় বিতর্কে জড়ালেন বাঁকুড়ার পাত্রসায়রের তৃণমূল নেতা দুই ভাই।
সূত্রের খবর, বাঁকুড়ার পাত্রসায়রের বালসী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানপুকুর মাঝিপাড়ার নিবাসী তৃণমূল নেতা নিমাই মাঝি ও আনন্দ মাঝি। নিমাই তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বলে খবর। অন্যদিকে, তৃণমূলের অঞ্চল কোর কমিটির সদস্য আনন্দ।
অভিযোগ, সম্প্রতি আবাসের খসড়া তালিকা পৌঁছলে নজরে আসে সেখানে নাম রয়েছে তৃণমূল নেতা দুই ভাইয়ের। গ্রামে তাঁদের প্রাসাদ সমান বাড়ি থাকলেও আবাস যোজনার বাড়ি পাওয়ার তালিকায় তাঁদের নাম সবার আগে। বিষয়টি নজরে আসতেই তালিকা থেকে নাম বাদ দিতে বিডিওর কাছে আবেদন করেন তাঁরা।
নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতাদের সাফাই, ২০১৮ সালে আবাসের তালিকা তৈরি হওয়ার সময় তাঁদের পাকা বাড়ি ছিল না। সম্প্রতি কয়েকবছর আগেই বাড়িটি তৈরি করেছেন তাঁরা।
যদিও দলের কর্মীদের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তৃণমূলের তরফে বলা হয়েছে, সততার নজির! একটি দরিদ্র পরিবার যাতে ওই বাড়ির সুবিধা পায়, সে জন্যই তৃণমূল নেতার পরিবার বাড়ি ফিরিয়ে দিয়েছে।
গেরুয়া শিবিরের অভিযোগ, পাঁচ বছর আগে যে পরিবার কাঁচাবাড়িতে বসবাস করতেন, পাঁচ বছরের মধ্যে কীভাবে এমন প্রাসাদোপম বাড়ি তৈরি করতে পারেন! বিষয়টির সঠিক তদন্ত দরকার।