কুড়মিদের রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ার কোটশিলা স্টেশন। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। তাদের লক্ষ্য করে ইট-পাথর বৃষ্টি করা হয়।

কুড়মিদের রেল অবরোধ
শেষ আপডেট: 21 September 2025 01:19
দ্য ওয়াল ব্যুরো: কুড়মিদের রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ার কোটশিলা স্টেশন (Kurmi Protest at Kotshila)। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। তাদের লক্ষ্য করে ইট-পাথর বৃষ্টি করা হয়। পাল্টা লাঠিচার্জ (Lathicharge) করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। দীর্ঘক্ষণ পরিস্থিতি উত্তপ্ত থাকার পর এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। মূলত তপসিলি জাতি স্বীকৃতির দাবিতেই কুড়মিদের এই আন্দোলন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, নিজের অধিকার আদায়ের দাবিতে শনিবার থেকে রেল অবরোধের (Rail Blockade) পথে হেঁটেছে কুড়মি সমাজ (Kurmi Society)। সতর্কতা হিসেবে আরপিএফ ও পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছিল কোটশিলা স্টেশনে।
এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ আন্দোলনকারীরা দলবদ্ধভাবে রেল অবরোধ কর্মসূচি শুরু করে। তাঁদের আন্দোলন আটকানোর চেষ্টায় ব্যারিকেড লাগানো হয়। তবে সেই ব্যারিকেড ভেঙেই স্টেশনের দখল নেয় কুড়মিরা।
পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন কুড়মিরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন চত্বর। যদিও বেশ কিছুক্ষণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আন্দোলনকারীদের স্টেশন থেকে সরিয়ে আনতে সফল হয় পুলিশ। তোলা হয় রেল অবরোধ।
প্রসঙ্গত, ১৯৩১ সালের জনগণনা পর্যন্ত কুড়মি সমাজকে ‘প্রিমিটিভ ট্রাইব’ হিসেবে উল্লেখ করা হলেও স্বাধীনতার পরে সেই স্বীকৃতি হারিয়ে যায়। পুনরায় জনজাতি মর্যাদা ফেরানোর দাবি জানিয়ে বারবার রাজ্য ও কেন্দ্রের কাছে আবেদন করা হলেও, ২০১৭ সাল থেকে রাজ্য গড়িমসি করছে বলে অভিযোগ কুড়মিদের।
পুজোর মরশুমে দাবি আদায়ের চাপ বাড়াতে কুড়মি সমাজ রেল অবরোধের ডাক দিয়েছে। ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোর আবেদনের পর আদালত এই আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনও তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।