
দিলীপ ঘোষ
শেষ আপডেট: 18 August 2024 13:57
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এবার আরজি কর হাসপাতালকে 'ঘুঘুর বাসা' বললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "শান্তনু সেন তথ্যগুলোকে বাইরে প্রকাশ করে ফেলেছেন বলে তাঁকে পদ থেকে সরানো হয়েছে। যাঁরা যাঁরা আসল সত্যকে সামনে এনেছেন তাঁদেরই সরিয়ে দেওয়া হয়।"
রবিবার বীরভূমের আমোদপুরে ধিক্কার মিছিল করে বিজেপি । বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল হয়। সেখানে একটি প্রতিবাদ সভাও হয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, "একজন পুলিশ কমিশনার কীভাবে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন। কিছু না জেনেই বলে দিলেন আত্মহত্যা করেছে। তিনি পার্টি নেতাদের মতো কথা বলছেন। তাঁকে প্রথমে সাসপেন্ড করে তাঁর ইউনিফর্ম কেড়ে নেওয়া উচিত।"
এর পরেই দিলীপবাবুর কথায়, "আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকে সমর্থন করার জন্য ৪০-৪৫ জন ডাক্তারকে রাতারাতি ট্রান্সফার করা হয়েছিল। শান্তনু সেন ভুক্তভোগী তিনি একটা সত্য বলে স্বীকার করেছেন, তাই তাঁর চাকরি গিয়েছে। কিন্তু চাপে পড়ে সেই নির্দেশটাকে আবার তুলে নেওয়া হয়েছে।"
বিজেপি নেতার আরও দাবি, "রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের নিয়ে আসা হয়েছিল। ভেবেছিল আন্দোলনকারী ও এসএফআইয়ের মিছিলের মধ্যে ঢুকে ভাঙচুর করে, তাঁদের ঘাড়ে চাপাবে। কিন্তু এসএফআই মিছিল বেরিয়ে যাওয়ার পরে এই দলই আরজি করে ভাঙচুর করেছে।" তাঁর কথায়, এখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বা জলে নেমেও তাদের বাঁচাতে পারবেন না।