
শেষ আপডেট: 17 September 2023 04:18
দ্য ওয়াল ব্যুরো: নিচুজাতের এক সেবায়েতের মেয়েকে বিয়ে করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের (Puri temple) অপর এক সেবায়েত। সেই ছিল তাঁর ‘অপরাধ’। আর এই অপরাধের জন্যই তাঁর ছোঁয়ায় ‘অশুদ্ধ’ হয়ে গেলেন মন্দিরে জগন্নাথদেবের শ্রীবিগ্রহ। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে হইচই কাণ্ড বাঁধল মন্দিরের ভিতর। পরিস্থিতি এমনই হয়েছিল যে, সকাল সাড়ে আটটার বদলে জগন্নাথদেবকে জলখাবার দেওয়া হয়েছে বিকেল সাড়ে পাঁচটায়।
জানা গিয়েছে, শুক্রবার সকালে শঙ্খমিত্র সিঙ্ঘারি নামের মন্দিরের ওই সেবায়েত এসে তাঁর কাজ শুরু করেন। শ্রী বিগ্রহকে সাজপোশাক পরানোর কাজ করছিলেন তিনি। তখনই তাঁকে দেখে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন মন্দিরের সেবায়েতদের একাংশ। তাঁদের অভিযোগ, মন্দিরের জ্যোতিষী এক সেবায়েতের কন্যাকে শঙ্খমিত্র সিঙ্ঘারি ২০১৭ সালে বিয়ে করেছিলেন। কিন্তু পুরীর মন্দিরের যারা সেবায়েত, তাঁদের ভিন জাতের সেবায়েতের সঙ্গে বিয়ে নিষিদ্ধ। এই নিয়ে এক কথা, দু কথা বাড়তে বাড়তে রীতিমতো তুলকালাম শুরু হয়।
এই ঘটনা প্রসঙ্গে মন্দিরের এক সেবায়েত দেবব্রত মহাপাত্র বলেন, “আজ প্রভুর খুবই কষ্ট হয়েছে। সিঙ্ঘারি বারণ সত্ত্বেও জগন্নাথদেবের সেবার কাজে হাত লাগিয়েছেন। তাই সমস্তকিছু শুদ্ধিকরণের কাজ করতে দুপুর গড়িয়ে গিয়েছে। মন্দিরের গর্ভগৃহে মহাস্নান নীতি পালন করে শুদ্ধিকরণ হয়েছে। বিগ্রহকে সকালের জলখাবার বেলা সাড়ে আটটার বদলে বিকেল সাড়ে পাঁচটায় পেয়েছেন। তারপর দুপুরের খাবার রাত সাড়ে ১০টা এবং রাতের খাবার রাত সাড়ে ১২টায় দেওয়া হয়েছে তিন ভাই-বোনকে।”
জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক রঞ্জনকুমার দাস বলেন, “যাঁদের কারণে মন্দিরের রোজকার রীতিতে বিঘ্ন ঘটেছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” এদিকে সিঙ্ঘারির অভিযোগ, তিনি গতবছর অবধিও জগন্নাথদেবের সেবার কাজে নিযুক্ত ছিলেন। এবছরই নতুন করে পাণ্ডা এবং সেবায়েতদের একাংশ নিত্যনতুন ঝামেলা বাঁধাচ্ছেন। এরপর শুক্রবার রাতেই তাঁকে অপদস্থ করার অভিযোগ তুলে স্থানীয় থানার দ্বারস্থ হয়েছেন সিঙ্ঘারি।
এবার বন্দে ভারত মেট্রো! সুপারফাস্ট ট্রেনের স্লিপার ক্লাসও আসছে, কবে চড়তে পারবেন