
শেষ আপডেট: 12 November 2023 16:06
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মা কালীর স্নানের জল পান করলে অসুখ সেরে যায়। মন্দির প্রাঙ্গণের মাটি মাখলে শরীরের ব্যথা-যন্ত্রণা দূর হয়। এমনই বিশ্বাস নিয়ে আজও ঘাটের কালী মায়ের পুজো করে আসছেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের ভাতারের বনপাশ অঞ্চলের কামারপাড়ার ঘাটের কালী মায়ের পুজো ঘিরে রয়েছে নানান ইতিহাস।
প্রায় ৩০০ বছরের পুরনো এই ঐতিহ্যের পুজো। বিগত দিনে মায়ের মন্দিরস্থল ছিল ঘন জঙ্গলে ঘেরা। কথিত রয়েছে, সেই জঙ্গলেই থাকত ডাকাতেরা। গভীর রাতে মায়ের পুজো করে ডাকাতি করতে বেরোতেন ডাকাত দল। পরে ডাকাতরা মায়ের পুজোর দায়িত্ব দিয়েছিলেন এলাকার ডোম সম্প্রদায়ের মানুষজনকে। বর্তমানে ডোম সম্প্রদায় আর নেই। তাই গ্রামবাসীরাই দীর্ঘদিন ধরে মা কালীর পুজো করে আসছেন। বর্তমানে কামারপাড়া ঘাটের কালী মা এখন সর্বজনীন।
প্রথমে তালপাতার ছাউনির মধ্যে কালীপুজো হত। পরবর্তীকালে এলাকার মানুষজন মন্দির স্থাপন করে জাঁকজমকভাবে পুজো করে আসছেন। গ্রামবাসীদের মতে, কামারপাড়া ঘাটের কালী মা খুবই জাগ্রত। মা কালীর কাছে পুজো দিলে মনষ্কামনা পূর্ণ হয় বলেই বিশ্বাস গ্রামবাসীদের।
দূরদূরান্ত থেকে এখানে প্রতি বছর ভক্তরা মায়ের পুজো দিতে আসেন। পুজো উপলক্ষে প্রায় দশ হাজার মানুষের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীপান্বিতা কালীপুজোয় মেতে ওঠেন সমগ্র গ্রামবাসী।