
শেষ আপডেট: 25 November 2022 10:42
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের অমৃতসরে পুলিশ (Punjab police) ১০ বছরের এক নাবালকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে। এফআইআর করা হয়েছে ছেলেটির বাবার বিরুদ্ধেও।
পুলিশ জানিয়েছে, কথ্যনঙ্গল থানায় দায়ের হওয়া এই এফআইআরে মূল অভিযুক্তের নাম ভূপিন্দর সিং। সে ওই নাবালকের পিতা। হাতে বন্দুক এবং গলায় বুলেট সাজানো বেল্ট দেওয়া ছেলের একটি ছবি তিনি ফেসবুকে আপলোড করেছিলেন। পুলিশের সাইবার সেলের নজরে আসতে তারা মামলা করার সুপারিশ করে।
প্রসঙ্গত, পাঞ্জাবি গায়ক সিন্ধু মুশেয়ালা হত্যার পর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যে বন্দুক কালচার বন্ধ করার নির্দেশ দেন। পুলিশ সেই মতো অভিযান শুরু করেছে। বন্দুকের লাইসেন্সধারী নাগরিকদেরও বলা হয়েছে অস্ত্র থানায় জমা করতে। পুলিশ খতিয়ে দেখছে সেই ব্যক্তির জীবনের ঝুঁকি কতটা। যদি ঝুঁকি না থাকে তাহলে থানাতেই রেখে দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্রটি। গত নয়দিনে পাঞ্জাব পুলিশ নয়শো বন্দুক বাতিল করেছে।
অমৃতসরে ছেলের বন্দুক হাতে ছবি বাবা ফেসবুকে আপলোড করা সত্ত্বেও কেন ছেলেটির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ, পাঞ্জাব পুলিশ এই প্রশ্নের কোনও সদুত্তর দেয়নি। তারা বলেছে, এই ব্যাপারে আদালতেই যা বলার বলা হবে। তবে শিশু অধিকার ও মনস্তত্ত্ব বিষয়ে বিশেষজ্ঞদের মতে, ওই নাবালককে আইন-আদালতের দুয়ারে টেনে আনাও সঠিক সিদ্ধান্ত নয়। নাবালকের বিরুদ্ধে এফআইআর করার কোনও প্রয়োজন ছিল না। পাঞ্জাব পুলিশ শুধু জানিয়েছে, ওই নাবালক নিজেও ফেসবুকে সক্রিয়। পুলিশ রাজ্যবাসীকে বলছে, হিংসার দৃশ্য, অস্ত্রের ছবি ফেসবুকে না দিতে। রাজ্যকে বন্দুকসংস্কৃতি মুক্ত করতে সরকারের উদ্যোগে পাশে থাকার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানও।
হিন্দি প্রশ্নের উত্তর ঝরঝরে ইংরেজিতে! পলিগ্রাফ টেস্টে কী কী জিজ্ঞেস করা হল আফতাবকে