দ্য ওয়াল ব্যুরো: মা দুগ্গা কৈলাসে ফিরে গিয়েছেন তিন দিন আগেই। কিন্তু শহর কলকাতা এখনও কাটাতে পারেনি পুজোর রেশ। রাত পোহালেই ফের সুযোগ ঠাকুর দেখার। কারণ মঙ্গলবার বিকেল থেকেই রেড রোডে শুরু হবে এবারের পুজো কার্নিভাল। ৭২টি পুজোর দুর্গাপ্রতিমাকে নিয়ে শোভাযাত্রা বেরোবে রাজপথে। যা নিয়ে সাজো সাজো রব রেড রোড জুড়ে।
পুলিশ সূত্রের খবর, কার্নিভালের জন্য মোট দু'হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন দিনভর। সকাল থেকেই রেড রোডে যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। হসপিটাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, মেয়ো রোড আংশিক বন্ধ করা হতে পারে। তবে গাড়ি চলাচলের জন্য খোলা থাকবে জহরলাল নেহরু রোড। কার্নিভালের মূল মঞ্চে একসঙ্গে থাকবেন মোট ৯০ জন।
মঞ্চের চার দিকে থাকবেন সাদা পোশাকের পুলিশকর্মী, থাকবে এসটিএফ বিভাগের পুলিশ কর্মীরাও।
সকাল থেকেই গোটা রেড রোডে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হবে। থাকবেন বম্ব স্কোয়াডের কর্মীরাও। পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন থাকবে র্যাফ। কার্নিভালের মোট আসন সংখ্যা ২০ হাজার। তার মধ্যে বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত থাকবে দেড় হাজার আসন।
দু'বছর আগে এই পুজো কার্নিভাল শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। গত দু'বছরের মতো এবারেও দর্শনার্থী হিসেবে রেড রোডের কার্নিভালে ভিড় জমাবেন দেশ-বিদেশের বহু মানুষ। তবে কার্নিভাল এবার আরও জমকালো, বর্ণাঢ্য। তাই আয়োজনে কোনও খামতি রাখতে চায় না প্রশাসন। শনিবার তথ্য সংস্কৃতি, পূর্ত, পর্যটন দফতরের আধিকারিক ও কলকাতা পুলিশের কর্তারা কার্নিভালের প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন। নিরাপত্তা নিয়ে বৈঠকও করেন তাঁরা।
কার্নিভাল প্রসঙ্গে এক সরকারি আধিকারিক বলেন, “পুজোর দিনগুলোয় পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবকেরা অক্লান্ত ভাবে পরিশ্রম করেছেন। সারা দিন, রাত ধরে ওঁরা ভিড় সামাল দিয়েছেন। পুলিশ বাহিনী, দমকল, বিপর্যয় বাহিনী দিন-রাত এক করে কাজ করেছেন। ফলে ওঁরা পুজোর আনন্দ মিস করেছেন অনেকটাই। তাই কার্নিভাল খানিকটা ওঁদের জন্যও।”