
শেষ আপডেট: 10 December 2022 13:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রীড়া প্রশাসনে এমন ঘটনা আগে ঘটেনি। ভারতীয় অলিম্পিক্স সংস্থার (Indian Olympics Association) সভাপতি হলেন পি টি ঊষা (PT Usha)। ভারতীয় কোনও ক্রীড়া প্রশাসনের মাথায় এই প্রথম কোনও মহিলা বসলেন। যদিও ভারতের এই প্রাক্তন দৌড়বিদই সভাপতি হতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত ছিলই। শনিবার সেটাই চূড়ান্ত হল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদের নির্বাচনে জয়ী হলেন পি টি ঊষা।
প্রসঙ্গত, আজ, শনিবার ছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি নির্বাচন। কিন্তু এই নির্বাচনে ঊষা ছাড়া সভাপতি পদের জন্য অন্য কেউই মনোনয়ন জমা দেননি। ফলে পি টি ঊষাই যে পরবর্তী ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি হচ্ছেন তা ঠিকই ছিল। আজ তার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল।
ভারতীয় ক্রীড়া প্রশাসনের মাথায় এর আগেও অনেক ক্রীড়াবিদকেই বসতে দেখা গেছে। বিসিসিআইয়ের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জায়গায় বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন রজার বিনি। এছাড়াও ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে।
তবে মহিলা হিসেবে পিটি ঊষা যে ভারতীয় ক্রীড়া প্রশাসনের ইতিহাস লিখলেন তা বলার অবকাশ রাখে না। অ্যাথলিট হিসেবে তিনি নিজের সময়ে স্বপ্নের ফর্মে ছিলেন। ক্রীড়াবিদদের একটি বড় অংশের মতে, ভারতীয় অলিম্পিক্স সংস্থার দায়িত্ব যোগ্য মানুষের হাতেই গেছে।
হারার পরেই ব্রাজিলের পাঁচ ফুটবলার কাতার ছেড়েছেন, গেলেন কোথায় তাঁরা