
আর জি কর হাসপাতালের ভিতরে এবং প্রয়োজনে খুবই কাছাকাছি সিআইএসএফ জওয়ানদের থাকার ব্যবস্থা করে দিতে হবে।
শেষ আপডেট: 9 September 2024 19:55
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডের পর ঘটনাস্থলের কাছে দুষ্কৃতীরা তছনছ করার ঘটনায় হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, সেই বাহিনীকে ঠিকমতো মোতায়েন করা, কাজে লাগানো এবং মহিলা জওয়ান সহ অন্য জওয়ানদের সঙ্গে রাজ্য সহযোগিতা করছে না বলে সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ জানায় সিবিআই। তার পরিপ্রেক্ষিতে রাজ্যের কৌঁসুলি কপিল সিবাল অভিযোগ অস্বীকার করলেও শীর্ষ আদালত এদিন দুপুরের মধ্যে রাজ্যকে বাহিনী মোতায়েনের বিষয়ে সতর্ক করে দিল।
আদালত রাজ্যকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আর জি কর হাসপাতালের ভিতরে এবং প্রয়োজনে খুবই কাছাকাছি সিআইএসএফ জওয়ানদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। জওয়ানদের মধ্যে প্রচুর মহিলা আছেন, তাঁদের জন্য সুবন্দোবস্ত করে দিতে হবে।
এদিন আদালতে সিবিআই কেন্দ্রীয় বাহিনীর থাকার বিষয়টি উত্থাপন করে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তিন কোম্পানি মহিলা বাহিনী রয়েছে। যাঁদের পর্যাপ্ত থাকার ব্যবস্থা করা হয়নি। প্রতিদিন তাঁদের দেড় ঘণ্টা যাতায়াত করতে হাসপাতালে যেতে-আসতে।
এর জবাবে সিবাল বলেন, রাজ্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে। মেহতা আরও অভিযোগ করেন, জওয়ানদের আবশ্যিক কিছু নিরাপত্তা সামগ্রীও দেওয়া হয়নি। তখনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, সিআইএসএফের জন্য যা যা প্রয়োজন, নিরাপত্তা সামগ্রী আজকের মধ্যেই ব্যবস্থা করে দিতে হবে।