দ্য ওয়াল ব্যুরো : গত শনিবার কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস কংগ্রেসে এনআরসি ও সিএএ নিয়ে বক্তব্য পেশ করছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। বিক্ষোভের জেরে মাঝপথে তিনি বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন। পরে বিক্ষোভকারীদের ‘দুর্গন্ধযুক্ত বদ্ধ জলা’ বলে মন্তব্য করলেন রাজ্যপাল। এই মন্তব্যে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক।
বিক্ষোভের পরে তিনি বলেন, “আপনারা আমাকে চুপ করাতে পারবেন না। আপনারা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছেন।” পরে তিনি বলেন, “আপনাদের মতো লোকের সম্পর্কেই মৌলানা আজাদ বলে গিয়েছেন, দেশভাগের ফলে জঞ্জাল বিদায় হয়েছে, কিন্তু রয়ে গিয়েছে গর্তের মধ্যে জমা জল। তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।”
কান্নুর বিশ্ববিদ্যালয়ে সিএএ নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খান টেনে আনেন দেশভাগের প্রসঙ্গও। বিক্ষোভের আগুনে ঘৃতাহুতি হয় তখনই। তাঁর বক্তব্যকে ‘উত্তেজক’,’উস্কানিমূলক’বলে দাবি করে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ইরফান হাবিব। দেশভাগের প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্যের মাঝে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাঁকেও।
বক্তৃতার মাঝে বাধা পেয়ে মেজাজ চড়তে দেখা যায় রাজ্যপালেরও। মঞ্চ থেকেই বিক্ষোভকারীদের উদ্দেশে রাজ্যপালকে বলতে শোনা যায়, “একজন রাজ্যপাল হিসেবে সিএএ নিয়ে আমি আমার বক্তব্য রেখেছি। আপনাদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে, কিন্তু আমাকে বাধা দিয়ে থামিয়ে দিতে পারেন না।” সেই সঙ্গেই তিনি বলেন, “আলোচনা এবং তর্কের সব রাস্তাই যখন বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন এটা পরোক্ষে হিংসাকেই প্রশ্রয় দিচ্ছে।”