
ফাইল ছবি
শেষ আপডেট: 19 October 2024 16:25
দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সময় মেনে আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের বাড়়ির এলাকা থেকে শুরু হল ‘ন্যায়বিচার যাত্রা’। শনিবার দুপুরেই ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছে যান মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে গিয়ে আলোচনার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলিয়েছেন। ধর্মতলার অনশন মঞ্চে যখন এমন ছবি, ঠিক সে সময় সোদপুর থেকে ধর্মতলার উদ্দেশে রওনা দিল যাত্রা। ধর্মতলা অবধি না হাঁটলেও সোদপুর থেকে এদিন দুপুরে যাত্রার সূচনা করেন নির্যাতিতার বাবা–মা।
আরজি করে নির্যাতিতাকে খুন করে ধর্ষণের ঘটনায় সুবিচার চেয়ে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সাফ দাবি ১০ দফা দাবি না মানলে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে। সেই মতো একাধিক পদক্ষেপও নেওয়া হচ্ছে।
শুক্রবারই জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন সোদপুর থেকে ধর্মতলা অবধি প্রায় ১৯ কিলোমিটার রাস্তার কারণে ন্যায়বিচার যাত্রা ‘রিলে পদ্ধতি’তে এগোবে। এভাবেই ধর্মতলার অনশন মঞ্চে এসে পৌঁছবে যাত্রা। তবে মিছিল ঠিক মতো ধর্মতলা অবধি পৌঁছবে নাকি মাঝপথেই তাঁদের আটকে দেবে পুলিশ এমন আশঙ্কা তৈরি হয়েছে।
এদিনের মিছিলে জুনিয়র ডাক্তাররাও যেমন রয়েছেন, তেমনই পা মিলিয়েছেন সাধারণ মানুষ। ধর্মতলার অনশনমঞ্চে ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার তাঁদের অনশন ১৫ দিনে পড়েছে। অনশনের কারণে সকলেই কমবেশি দুর্বল হয়ে পড়েছেন। হাসপাতালেও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন অনেকেই।
১০ দফা দাবির সমর্থনে বৃহস্পতিবারই ‘গণস্বাক্ষর সংগ্রহ’ করেন জুনিয়র ডাক্তাররা। এরপর শনিবারই ডাক দেওয়া হয় ‘ন্যায়বিচার যাত্রার’। এদিকে সোমবারের মধ্যে যদি ১০ দফা দাবি পূরণ না হয় তাহলে মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।