
শেষ আপডেট: 29 March 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সরব হল তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার শিলিগুড়ির প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গেটে দীর্ঘক্ষণ প্রতিবাদ করতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। নেতৃত্বে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবজারভার মিঠুন বৈশ্য। তাঁর কথায়, "পরিকল্পিতভাবে এসএফআইয়ের ছাত্র সংগঠন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি করে। মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান তৃণমূল ছাত্র পরিষদ কখনওই মেনে নেবে না। তাই রাজ্যজুড়ে আমাদের এই বিক্ষোভ।"
একই চিত্র এদিন দেখা যায় শিলিগুড়ি কলেজ, মুন্সি প্রেমচাঁদ কলেজ, কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় সহ শিলিগুড়ির একাধিক কলেজে। সর্বত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে দার্জিলিং জেলা এসআই এর সভাপতি তন্ময় অধিকারীর বলেন, 'অন্যায়ের প্রতিবাদ বিভিন্নভাবেই হয়, কখনও পরিকল্পিত কখনও বা অপরিকল্পিত। মুখ্যমন্ত্রী লন্ডনে শুধুমাত্র নিজের প্রচার করতে গিয়েছিলেন। সেখানে অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার ছিল।"
বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার সময় আচমকা শ্রোতাদের একাংশের বিরোধিতার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আচমকা এ রাজ্যে টাটার বিনিয়োগ না করার প্রসঙ্গ ওঠে। ওঠে আরজি কর প্রসঙ্গও। রীতিমতো চ্যাঁচামেচি, বিশৃঙ্খলা শুরু হয় শ্রোতাদের একাংশের মধ্যে। কেউ কেউ সরাসরি দাবি করেন,
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে গলদ রয়েছে। সভায় সাময়িক বিশৃঙ্খলার জন্য পরবর্তীতে ক্ষমা চান সঞ্চালকরা।