
কেন্দ্রীয় দলের সদস্য বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ
শেষ আপডেট: 18 June 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসায় 'আক্রান্ত'-দের অভিযোগ শুনতে গিয়ে দলেরই কর্মীদের বিক্ষোভের মুখে পড়ল বিজেপির কেন্দ্রীয় দল। মঙ্গলবার ডায়মন্ড হারবারের আমতলায় কেন্দ্রীয় দলের সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর বাড়িতে আশ্রয় নেওয়া ঘরছাড়া বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের সঙ্গে দেখা না করেই কেন্দ্রীয় টিম চলে যাচ্ছে, এই অভিযোগে তুলে বিক্ষোভ দেখান তাঁরা।
মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা যান বিজেপির কেন্দ্রীয় দল। প্রথমে বিষ্ণুপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। তারপর ডায়মন্ড হারবারের আলতাবেড়িয়ার দিকে কনভয় এগোতে থাকলে উত্তেজনা তৈরি হয়। পথে তাঁদের গাড়ি আটকায় বিজেপিরই কর্মীরা। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
যদিও পুলিশ থাকায় সেই কনভয় আটকানো সম্ভব হয়নি। কিন্তু কেন্দ্রীয় দলের নেতৃত্ব দেওয়া বিপ্লব দেবের গাড়ি আটকে যায়। তাঁকে ঘিরে অনেকে কান্নায় ভেঙে পড়েন। ভোটের পর থেকে হিংসার ঘটনা ঘটলেও বিজেপির স্থানীয় নেতারা সাহায্য করেননি। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে যোগসাজশ থাকে বলেও অভিযোগ করেন তাঁরা। অন্তত ৫ মিনিটের জন্য হলেও তাঁদের সঙ্গে কথা বলার অনুরোধ জানান বিজেপির কর্মী-সমর্থকরা। যদিও বিপ্লব দেব গাড়ি থেকে নামেননি।
এদিন আমতলার আধারবেড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আধারবেড়ি গ্রামে আসেন বিজেপির প্রতিনিধি দল। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের পর থেকে তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া একাধিক বিজেপি কর্মী। কার্যত পুরুষ শূন্য গ্রাম। ভয়ে-আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। এ প্রসঙ্গে বিপ্লব দেব বলেন, “গ্রামে মহিলারা থাকতে পারছেন না। কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের পাঠিয়েছে। সব রিপোর্ট দেব।" যদিও তাঁকে ঘিরে দলের কর্মীদের বিক্ষোভ নিয়ে মুখ খোলেননি তিনি।